বিনোদন ডেস্ক- কয়েক বছর ধরেই চলচ্চিত্রে নানামুখী সংকট চলছে। প্রতি বছরই সিনেমা মুক্তি কমে যাচ্ছে। চলচ্চিত্র ব্যবসায় নেমেছে ধস। দেশীয় সিনেমা নিয়ে হল মালিকরা হতাশ। কারণ সিনেমার গল্পের ধারাবাহিকতা নেই। হারিয়ে যাচ্ছে পারিবারিক আবহের গল্প। তবে বছরের শেষ দিকে এসে বাংলা সিনেপ্রেমী দর্শকরা পেতে যাচ্ছেন সম্পূর্ণ পারিবারিক গল্পের সিনেমা ‘মৃধা বনাম মৃধা’।
তরুণ নির্মাতা রনি ভৌমিক পরিচালিত প্রথম সিনেমা ‘মৃধা বনাম মৃধা’ আগামী শুক্রবার (২৪ ডিসেম্বর) দেশব্যাপী মুক্তি পাচ্ছে। এর প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন তারিক আনাম খান, সিয়াম আহমেদ ও নোভা ফিরোজ।
মুক্তি উপলক্ষে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে সিনেমাটির প্রিমিয়ার। যেখানে দেশের শোবিজ অঙ্গনের অনেকেই উপস্থিত হন। তারা দেখার পর মুগ্ধ হয়ে প্রশংসাও করেছেন।
এবার ‘মৃধা বনাম মৃধা’য় নিজের মুগ্ধতার কথা জানালেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে তিনি এই সিনেমা ও সংশ্লিষ্টদের প্রশংসা করেছেন।
মোশাররফ করিম লিখেছেন, “একটি সম্পর্ক। তার মাঝখানে জন্ম নেয় দেয়ালের বীজ, খুব ধীরে ধীরে বেড়ে ওঠে, শক্ত হয় অলক্ষ্যে। অদৃশ্য দেয়াল। অদৃশ্য বলেই দূর্ভেদ্য; কখনও অভেদ্য। একসময় মৃত্যু এসে এই দেয়াল নিয়ে চলে যায়। কোথায় যে চলে যায়! আরেক অনন্ত দেয়ালের ওপারে। এই দেয়ালের গল্প লিখেছেন রায়হান খান। চিত্রনাট্য লিখেছেন রায়হান খান, চিত্রগ্রহণের দায়ভারও তার উপরেই ছিল। পরিচালনায় রনি ভৌমিক। এবং এই সব কারণে গল্পটি ‘মৃধা বনাম মৃধা’ নামে সিনেমা হয়ে ওঠে।”
প্রিমিয়ারে সিনেমাটি দেখার কথা জানিয়ে দাপুটে এ অভিনেতা লেখেন, ‘পরশুদিন প্রিমিয়ার শো দেখতে গেলাম; মনে হল আমার গল্প, আমার জীবনের। শো শেষে দর্শকমন্ডলীর সাথে কথা বলতে বলতে মনে হল এটা সবার গল্প। সিয়াম, নোভা, নিমা রহমান, মিলন ভট্টাচার্য, সানজিদা প্রীতি সবার অভিনয়ই ভালো লাগলো; বিশেষভাবে তারিক ভাই (তারিক আনাম খান), যার অভিনয়ে আমি আমার নাট্য-জীবনের শৈশব থেকে অদ্যাবধি মুগ্ধ।’
মোশাররফ করিম লেখেন, “সকলের সুনিপুণ দায়িত্ব পালনে নির্মিত ‘মৃধা বনাম মৃধা’। হলে গিয়ে ছবিটি দেখার আমন্ত্রণ রইল। সত্যিই ভালো লাগবে। আমার ভালো লেগেছে।”
উল্লেখ্য, চলতি বছরে ফেব্রুয়ারিতে শুরু হয়ে আগস্টে শেষ হয় ‘মৃধা বনাম মৃধা’ ছবির শুটিং। পোস্ট প্রোডাকশনের কাজ করা হয়েছে বাংলাদেশ, ভারত (কলকাতা ও চেন্নাই) ও যুক্তরাষ্ট্রে।
টফি নিবেদিত এই ছবিতে আরও অভিনয় করেছেন সানজিদা প্রীতি, নিমা রহমান, মিলন ভট্টাচার্য, তৌফিকুল ইসলাম ইমন, মাসুদুল আমিন রিন্টু প্রমুখ।
নির্মাতা রনি ভৌমিক জানান, কাজটিকে সুনিপুণভাবে দর্শকের সামনে উপস্থাপনের জন্য যা যা করা প্রয়োজন মনে হয়েছে, সেটাই করেছি। পরিবার নিয়ে দেখার মতো ছবি এটি।
তিনি আরও বলেন, একজন শিল্পী হিসেবে সমাজ ও পরিবারের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি ছবিটি নির্মাণ করেছেন।
