নজর২৪, ঢাকা- বিএনপি মুখে যাই বলুক, শেষ পর্যন্ত ইসি গঠনে চলমান রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতির পিতা শেখ মুজিব প্রামাণ্য গ্রন্থের মোড়ক উন্মোচন ও সমসাময়িক বিষয়ে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
বিএনপির উদ্দেশ্যে ড. হাছান মাহমুদ বলেন, গণতান্ত্রিক রীতিনীতিকে সংহত করার জন্যই রাষ্ট্রপতির এ সংলাপ। শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যেই এ সংলাপ। আমি বিএনপিকে অনুরোধ জানাবো এবং আশা করবো, তারা নেতিবাচক রাজনীতি পরিহার করবে। সবকিছুতে ‘না’ বলার রাজনীতি থেকে সরে আসবে এবং চলমান সংলাপে অংশ নেবে।
নতুন ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপে বিএনপিসহ সবাইকে স্বাগত জানানো উচিত বলেও জানান হাছান মাহমুদ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, গতবারও (একাদশ জাতীয় নির্বাচনের আগে) রাষ্ট্রপতির সংলাপের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। সেটি যে সঠিকভাবে গঠিত হয়েছিল তার প্রমাণ হচ্ছে মাহবুব তালুকদার। যিনি নির্বাচন কমিশনের অনেক বিষয়ের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। অনেকে বলেন, তিনি বিএনপি বা বিরোধীদের পক্ষে কথা বলেন। উনিও সংলাপের মাধ্যমেই কমিশনার হিসেবে স্থান পেয়েছেন। এটিতেই প্রমাণিত হয় সংলাপ কার্যকর। এবারও রাষ্ট্রপতি সংলাপের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করতে যাচ্ছেন, সংলাপ শুরুও করেছেন। গণতান্ত্রিক রীতিনীতিকে সংহত করতেই এটি করা হচ্ছে।
বিএনপির সংলাপে অংশগ্রহণ বিষয়ে অন্য এক প্রশ্নে ড. হাছান বলেন, রাষ্ট্রপতির সংলাপে বিএনপিসহ সবাইকে স্বাগত জানানো উচিত। ভারতে নির্বাচন কমিশন গঠনের আগে কোনো সংলাপ হয় না। অনেক গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে বহু বছর ধরে নিরবচ্ছিন্নভাবে চর্চা হচ্ছে, নির্বাচন কমিশন গঠনের আগে কোনো সংলাপ নেই। কিন্তু বাংলাদেশে যে সংলাপ হচ্ছে একে ইতিবাচক হিসেবে স্বাগত জানানো প্রয়োজন ছিল।





