এবার পুরান ঢাকায় ময়লার গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত

নজর২৪, ঢাকা- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় ফের মৃত্যুর ঘটনা ঘটেছে। এবার প্রাণ গেছে স্বপন কুমার সরকার নামের এক বৃদ্ধের।

 

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে টিকাটুলীর রাজধানী সুপার মার্কেটের পূর্ব পাশে মেয়র হানিফ ফ্লাইওভারের ঢালে এ ঘটনা ঘটে।

 

৬২ বছর বয়সী স্বপন কুমার থাকতেন গেণ্ডারিয়ায়। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে।

 

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান মিয়া বলেন, ‘বৃদ্ধকে চাপা দেয়া গাড়িটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লা বহনের কাজে ব্যবহার করা হতো বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে বৃদ্ধকে চাপা দেয়া গাড়ির চালক গাড়ি নিয়ে পালিয়ে গেছে।’

 

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠাব। এছাড়া আমরা ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। ফুটেজ দেখে ঘাতক চালকের পরিচয় শনাক্ত করে তাকে আটকের চেষ্টা করছে।

 

এর আগে, গত ২৪ নভেম্বর নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান ডিএসসিসির ময়লার গাড়ির চাপায় মারা যায়। এরপরের দিন ২৫ নভেম্বর পান্থপথে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা যাত্রী আহসান কবির খান (৪৫) মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *