বিনোদন ডেস্ক- ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান ‘গলুই’ ছবির ডাবিং ফাঁসিয়ে প্রযোজককে বিপাকে ফেলে যুক্তরাষ্ট্রে গিয়েছেন এমন অভিযোগ এনে শাকিবকে নিয়ে অকথ্য ভাষায় আক্রমণ করেছেন বর্ষীয়ান পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। তার মন্তব্য, কত বড় সাহস, ডাবিং ছাড়া না বলে চলে যাওয়া। ও কেন বেড়াতে যাবে কাজ ফেলে। থাপ্পড়ে ওর দাঁত ফেলে দেওয়া উচিত!
দেশের শীর্ষ নায়ককে নিয়ে এমন অকথ্য ভাষায় আক্রমণ করাকে সমর্থন করছেন না শোবিজের অনেকেই। সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। ফুঁসে উঠেছে শাকিবভক্তরা।
বুধবার বিষয়টি নিয়ে শাকিব খান অভিনীত ‘গলুই’ ছবির প্রযোজক খোরশেদ আলম খসরুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদমাধ্যমকে জানান, শাকিব খানের জন্য ‘গলুই’ ছবির প্রযোজক হিসেবে কোনো বিপাকে তিনি পড়েননি। বরং শাকিব খান এই ছবিতে তাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আমেরিকায় যাওয়ার আগে থেকে যাওয়ার পরও গলুই নিয়ে তার সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে।’
খসরু বলেন, ‘ঝন্টু সাহেব সিনিয়র পরিচালক। তিনি শাকিব খানকে নিয়ে কেনো এমন কথা বললেন সেটা আমি জানি না। আমি তো আমার ছবির বিষয়ে তার কাছে কোনো অভিযোগও করিনি।’
খসরু বলেন, শাকিব আন্তরিকতা দিয়ে নিজ দায়িত্বে ৩৫ দিন জামালপুর ও টাঙ্গাইলে শুটিং সম্পন্ন করেছে। নির্ধারিত শিডিউলের বাইরে কয়েকদিন সময় দিয়েছেন। ‘গলুই’তে শাকিবকে নিয়ে অভিযোগের কোনো সুযোগ নেই। বরং তিনি হান্ড্রেড পারসেন্ট সহযোগিতা করেছেন। এজন্য তার কাছে কৃতজ্ঞতার শেষ নেই। কাজটি ভালো করতে যেভাবে তাকে চেয়েছি, তিনি সেভাবে দিয়েছেন।
খসরু বলেন, ‘গলুই’ এর শুটিং শেষ করে নভেম্বরে আমেরিকায় যান শাকিব। অনুদানের নীতিমালা অনুযায়ী ‘গলুই’ এ বছরের মধ্যে সেন্সর করতে চেয়েছিলাম। ইতোমধ্যে জমা দিয়েছি। শুটিং শেষ করে শাকিবের যেহেতু ডাবিং বাকি তাই আলোচনার ভিত্তিতে আমেরিকা গিয়ে ডাবিং করাই। এখানে সে চাপ দেয় নাই। এই আলোচনা আমাদের মধ্যে মিউচ্যুয়ালি হয়েছে। শাকিব বলেছিলেন, সিনেমা পাঠিয়ে দিতে সে ডাবিং করে পাঠিয়ে দেবে। কিন্তু পরিচালককে তার কাছে পাঠিয়ে আরও ভালোভাবে কাজ শেষ করিয়েছি।
পরিচালক এসএ হক অলিক গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রে গিয়ে ‘গলুই’ সিনেমার ডাবিং সম্পন্ন করেন।
