বিনোদন ডেস্ক- এই পৌষের শীতের সকালে অনেকে যখন গোসলই করতে ভয় পায় তখন কিনা খুব ভোরে কাদাপানিতে মেতে উঠলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সঙ্গে ছিলেন নায়ক জয় চৌধুরী। দুজন মিলে শিশুদের সঙ্গে কাদাপানিতে মাখামাখি করলেন।
‘প্রেম-প্রীতির বন্ধন’ সিনেমার দৃশ্যের প্রয়োজনে এই শীতের মধ্যে কাদাপানিতে নামতে হলো তাদের। সিনেমার একটি গানের দৃশ্যে গতকাল (২১ ডিসেম্বর) এভাবেই রাজধানীর ৩০০ ফিটের পাশে শুটিং করেন দুজন। শুটিংয়ের এক ফাঁকেই শিশু-কিশোরদের সঙ্গে ছবি তোলেন অপু বিশ্বাস।
গানের কথাগুলো এমন- ‘সালোয়ার-কামিজ পরে না ম্যাডাম, শার্ট-গেঞ্জি-প্যান্ট পইরাছে, ম্যাডাম আমার ডিসকো সাইজাছে।
ছবির নাম প্রেম-প্রীতির বন্ধন। এটি পরিচালনা করছেন সুলাইমান আলি লেবু। ছবিটির প্রযোজক ও গল্পকারও তিনি। এতে প্রথমবার জুটি হয়ে অভিনয় করছেন অপু বিশ্বাস ও জয় চৌধুরী।
পরিচালক লেবু জানালেন, একটি সামাজিক গল্পের ছবি আমরা নির্মাণ করছি। শুটিংয়ে একটু ছাড় দেওয়া হচ্ছে না। গল্পের প্রয়োজনে অপু-জয় শীতে কাঁদায় নেমে শুটিং করলেন। যদিও প্রথম তামতে তাদের কিছুটা জড়তা দেখেছি। তবে নামার পর তারা আনন্দ নিয়েই শুটিং করেছে।
চলতি বছরের মে মাসে এফডিসিতে সিনেমাটির শুটিং শুরু হয়। পরে পাবনার পাকশীর লোকেশনেও ছবিটির কিছু অংশের শুটিং করা হয়। একপর্যায়ে দর্শকদের চাপে শুটিং শেষ না করেই ঢাকা ফিরতে হয়েছিল পুরো ইউনিটকে।
অপু বিশ্বাস, জয় চৌধুরী ছাড়াও এ সিনেমায় অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, জাদু আজাদসহ অনেকে।
