ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস আপডেট ডেস্ক- সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলের ফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ভারতকে বাংলাদেশের মেয়েরা হারিয়েছে ১-০ গোলের ব্যবধানে।

 

বুধবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ৮০ মিনিটে আনাই মগিনি এগিয়ে দেন বাংলাদেশকে। এই এক গোলই শেষ পর্যন্ত শিরোপা নির্ধারণ করে দেয়।

 

শাহেদা আক্তার রীপার ব্যাকহিল থেকে বল ধরেই দূল্লার শট করে আনাই গোল করলে উল্লাসে ফেটে পড়ে স্টেডিয়ামের দর্শকরা।

 

গ্রুপপর্বে ভারতকে একই ব্যবধানে হারায় বাংলাদেশ। সর্বোচ্চ পয়েন্টের পাশাপাশি সবগুলো ম্যাচে ক্লিনশিট রাখার আত্মবিশ্বাস নিয়ে সাফের ফাইনালে নামে স্বাগতিক দল।

 

ম্যাচের শুরু থেকে আধিপত্য নিয়ে খেলতে থাকে মারিয়া-মনিকারা। ভারতের বিপক্ষে শুরুতে এগিয়ে যেতে পারত বাংলাদেশ। ১৪ মিনিটে দুর্ভাগ্যজনভাবে কাছে গোল থেকে বঞ্চিত হন বাংলাদেশের ফুটবলাররা।

 

মাঝমাঠের একটু সামনে থেকে অধিনায়ক মারিয়া মান্ডার দূরপাল্লার শট ভারতের গোলকিপারের হাত থেকে ছুটে গেলে শট নেন তহুরা খাতুন। গোললাইন থেকে দারুণভাবে বল ক্লিয়ার করেন ভারতের ডিফেন্ডার দেবি ফেনজোভাম।

 

ম্যাচের ৩০ মিনিটে বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। আনাই মোগিনির শট গোলবারে লেগে ফিরে আসলে আবারও হতাশ হতে হয় স্বাগতিকদের। দাপটের সঙ্গে প্রথমার্ধ শেষ করে দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রাখে বাংলাদেশ।

 

লাগাতার আক্রমণে ভারতের রক্ষণকে ব্যতিব্যস্ত করে রাখে লাল-সবুজ দল। ম্যাচের ৬০ মিনিটে ভালো সুযোগ তৈরি করে দল। মোগিনির ক্রস থেকে নেয়া শামসুন্নাহারের হেড বারের ওপর দিয়ে চলে যায় মাঠের বাইরে।

 

শেষে পর্যন্ত আর দমিয়ে রাখা সম্ভব হয়নি বাংলাদেশকে। ম্যাচের ৮০ মিনিটে দূরপাল্লার শটে বল জালে জড়ান মোগিনি। উল্লাসে মাতে পুরো মাঠ। বাকি সময়ে সমতায় ফেরা সম্ভব হয়নি ভারতের পক্ষে। জয় নিয়ে টানা দ্বিতীয় শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।

 

এ নিয়ে ২০১৫ সাল থেকে সাতটি বয়সভিত্তিক টুর্নামেন্ট জিতেছে বাংলাদেশ নারী দল। ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে সাফ অনূর্ধ্ব ১৫ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয় গোলাম রব্বানী ছোটনের দল।

 

২০১৮ সালে অনূর্ধ্ব ১৮ চ্যাম্পিয়নশিপও জেতে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *