মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ৫০ হাজার টাকা করার দাবি বিদিশার

নজর২৪, ঢাকা- জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ২০ হাজার টাকা থেকে ৫০ হাজার করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা সিদ্দিক।

 

আজ সোমবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয় ইসলামি মহাজোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিদিশা বলেন, ‘যাঁদের আত্মত্যাগে এ দেশ, তাঁদের ছেলেদের চাকরির সুব্যবস্থা যেন করা হয়। মুক্তিযোদ্ধাদের ভাতা যেন ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা দেওয়া হয়। আপনার বাবা বীরাঙ্গনাদের দায়িত্ব নিয়েছিলেন। আপনি বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা সন্তানদের দায়িত্ব নিন।’

 

এসময় বিদিশা সিদ্দিক বলেন, ‘ভবিষ্যতে আমার নেতৃত্বে পুনর্গঠিত জাতীয় পার্টি মরহুম এরশাদের দেখানো পথেই হাঁটবে। আপনাদের সকলকে নিয়ে গণতন্ত্র এবং ধর্মীয় আদর্শে বিশ্বাসী মরহুম এরশাদের মূলধারার জাতীয় পার্টি হিসেবে দেশ ও জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হবে।’

 

বিদিশা বলেন, ‘মরহুম এরশাদের নীতি-আদর্শের সেই দলকে পুনর্গঠন করতে চাই। যেখানে সকলে ভেদাভেদ ও ব্যক্তিস্বার্থ ভুলে দেশের উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করবে।’

 

বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদের আরোগ্য কামনা করে বিদিশা সিদ্দিক বলেন, ‘মরহুম রাষ্ট্রপতি এরশাদ আমাদের মাঝে নেই। কিন্তু আমরা শপথ করছি তাঁর নীতি ও আদর্শে প্রতিষ্ঠিত ও পরিচালিত এই দল আমার নেতৃত্বে সামনের দিনগুলোতে পুনর্গঠিত হয়ে তাঁর স্বপ্ন বাস্তবায়ন করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *