বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার এ প্রজন্মের নায়ক সাইমন সাদিক। সিনেমার বাইরে তিনি একজন ইতিবাচক মানসিকতার মানুষ। সহশিল্পীদের প্রয়োজনে যেমন পাশে থাকেন, আবার নিজের জন্মস্থানের কথাও এক মুহূর্তের জন্য ভোলেন না।
সাইমনের জন্ম ও বেড়ে ওঠা কিশোরগঞ্জের সদর উপজেলার কলাপাড়া গ্রামে। সেখানকার উন্নয়নে তিনি গড়ে তুলেছেন ‘কলিজার গ্রাম’ নামের একটি উদ্যোগ। যেটার স্লোগান- ‘নিজেকে ভালোবাসলেই দেশকে ভালোবাসা যায়’।
গ্রামের উন্নয়নে নিয়মিত কাজ করে আসছেন সাইমন। এবার শীত উপলক্ষে প্রায় ৩০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন নায়ক।
মহান বিজয়ের মাসে এ আয়োজনে তার সঙ্গে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার, সাইমনের বাবা সাদেকুর রহমানসহ আরও অনেকে।
এ প্রসঙ্গে সাইমন বলেন, ‘‘আমরা একটি আদর্শ, সুখী-সমৃদ্ধ গ্রাম হিসেবে দেখতে চাই আমাদের প্রিয় জন্মভিটাকে। ‘কলিজার গ্রাম’ উদ্যোগটি নিয়ে আমি বেশকিছু স্বপ্ন দেখেছি। এ গ্রামের সবাই আমরা চেষ্টা করবো একে অপরের পাশে থাকতে। সেই ভাবনা থেকে দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছি। ’’
‘নিজেকে ভালোবাসলেই, দেশকে ভালোবাসা যায়’ স্লোগান নিয়ে ‘কলিজার গ্রাম’ সামনের দিকে এগিয়ে যাবে বলেও মনে করেন ‘পোড়ামন’খ্যাত এই অভিনেতা।





