ব্যালট বাক্স ছিনতাই, প্রধান আসামি সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

নজর২৪, কুড়িগ্রাম- তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কুড়িগ্রামের যাত্রাপুরে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে জেলা সদরের পুরাতন শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

সোমবার (২০ ডিসেম্বর) সকালে অভিযুক্ত ওই নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতার এই নেতা হলেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক উপ-শিক্ষা গ্রন্থাগারবিষয়ক সম্পাদক মাহাবুব সরকার।

 

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রাম জেলা সদরের যাত্রাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঝুনকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনার একদিন পর গত ২৯ নভেম্বর ঐ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো: আবু তোয়াব বাদী হয়ে অজ্ঞাত সংখ্যক আসামি করে কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি হিসেবে মাহবুব সরকারকে আটক করে পুলিশ।

 

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মো: শাহরিয়ার জানান, অভিযুক্ত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় মামলার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামি হিসেবে তাকে আটক করা হয়েছে।

 

ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় যাত্রাপুর ইউনিয়নের নির্বাচনী ফলাফল স্থগিত ঘোষণা করেছিলো নির্বাচন কমিশন। পরে নির্বাচনের ৪ দিন পর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল গফুরকে যাত্রাপুর ইউপির চেয়ারম্যান হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়। এর এক সপ্তাহের মাথায় সেই ঘোষণাও স্থগিত করে পুনরায় যাত্রাপুর ইউনিয়নের ঝুনকার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণের ঘোষণা দেয় নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *