বিনোদন ডেস্ক- আশনা হাবিব ভাবনা অভিনীত প্রথম ছবি ‘ভয়ংকর সুন্দর’ মুক্তি পায় ২০১৭ সালে। এরপর চার বছরের অপেক্ষা। গত সপ্তাহে সিনেমা হলে এসেছে নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’। এ ছবিতে পদ্ম চরিত্রে অভিনয় করে ভালোই প্রশংসা পাচ্ছেন ভাবনা।
‘লাল মোরগের ঝুঁটি’র রেশ না কাটতেই ক্যারিয়ারের তৃতীয় ছবিতে চুক্তিবদ্ধ হলেন তিনি। নাম ‘দামপাড়া’। আনন জামানের গল্প, চিত্রনাট্য ও সংলাপে ছবিটি পরিচালনা করবেন শুদ্ধমান চৈতন। ‘দামপাড়া’ প্রযোজনা করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
তৃতীয় ছবিতে এসে ভাবনা নায়ক হিসেবে পেলেন ফেরদৌস আহমেদকে। অভিনেত্রী জানিয়েছেন, ২৩ ডিসেম্বর থেকে চট্টগ্রামে শুরু হবে ‘দামপাড়া’ ছবির শুটিং।
‘দামপাড়া’র চিত্রনাট্যকার আনন জামান জানিয়েছেন, সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনসের এসপি শামসুল হকসহ অন্যান্য কর্মকর্তার বীরত্বপূর্ণ ভূমিকার গল্প উঠে আসবে এ ছবিতে।
গবেষক জামাল উদ্দিনের ‘মুক্তিযুদ্ধে চট্টগ্রাম শহর’ বইয়ের তথ্য অনুযায়ী, ১৯৭১ সালের মার্চে চট্টগ্রামের পুলিশ সুপার শামসুল হক, কোতোয়ালি থানার ওসি আব্দুল খালেক ও দামপাড়া পুলিশ লাইনের আরআই আকরাম হোসেনের সম্মিলিত পরিকল্পনায় পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন পুলিশের সদস্যরা।
২৬ মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পর ২৮ মার্চ ভোরে পাকিস্তানের সামরিক বাহিনী দামপাড়া পুলিশ লাইন আক্রমণ করে। এরপর ১২ এপ্রিল আরআই আকরাম হোসেনকে চট্টগ্রাম শহরের আন্দরকিল্লা থেকে তুলে নিয়ে যায় পাকিস্তান সেনাবাহিনী। ১৬ এপ্রিল ওসি আব্দুল খালেককে ও ১৭ এপ্রিল এসপি শামসুল হককে ক্যান্টনমেন্টে তুলে নিয়ে যাওয়া হয়। তিন জনকেই নির্মমভাবে হ ত্যা করে পাকিস্তানি সেনারা।
এসপি শামসুল হকের মৃত্যুর পর তার স্ত্রী মাহমুদা হক আর কখনো পায়ে জুতা পরেননি; মাহমুদা হকের চরিত্রে দেখা যাবে ভাবনাকে।
মুক্তিযুদ্ধের এ প্রতিরোধ সংগ্রাম এবং বীর মুক্তিযোদ্ধা এই পুলিশ কর্মকর্তাদের আত্মত্যাগের গল্প নিয়েই এ চলচ্চিত্র। এতে এক বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর ত্যাগের কথাও থাকবে।
ফেরদৌস ও ভাবনা ছাড়াও এতে অভিনয় করবেন ঝুনা চৌধুরী, অনন্ত হীরা, মাজনুন মিজান, মুনতাহা।
আনন জামান জানান, সিনেমার দৃশ্যধারণ শুরুর আগেই আনুষ্ঠানিকভাবে বাকি শিল্পীদেরও শুটিংয়ের বিস্তারিত জানানো হবে।
