খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে রিট

নজর২৪, ঢাকা- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

 

আজ সোমবার (২০ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন।

 

ইউনুস আলী আকন্দ বলেন, চিকিৎসা সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার। আর সেটা ব্যক্তির পছন্দ অনুযায়ী হতে হবে। তাই মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে একজন আইনজীবী হিসেবে এই রিট করেছি।

 

তিনি জানান, বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য মঙ্গলবার উপস্থাপন করা হবে।

 

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি থেকে নির্বাচিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, এ রিট দায়েরের সাথে বিএনপির দলীয় ও আইনজীবীদের কোনো সম্পর্ক নেই। ইউনুছ আলী আকন্দ হয়ত ব্যক্তিগতভাবে করেছেন।

 

গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি ও তার পরিবারের পক্ষ থেকে বারবার খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন ও আহ্বান জানানো হয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *