ভিকিকে রেখে আবার সালমানের কাছে ফিরছেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক- ভিকি কৌশালকে জীবনের সঙ্গী করার আনুষ্ঠানিক পাঠ চুকিয়েছেন ক্যাটরিনা কাইফ; এরপর আবার অভিনয়ে ফিরছেন তিনি, আর এই সিনেমা তার আগের প্রেমিক সালমান খানের সঙ্গে।

 

রাজস্থানের এক প্রাসাদে জমকালো এক আয়োজনে গত ৯ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন বলিউড তারকা ক্যাটরিনা ও ভিকি। এরপর দুজনেই ফিরেছেন মুম্বাইয়ে।

 

ভিকি ইতোমধ্যে কাজে ফিরেছেন, পাপারাজ্জিদের ক্যামেরা সামনে তার হাসিমুখও দেখা গেছে। ভিকির জন্য সুজির হালুয়া বানিয়ে তার আবার জানান দেওয়া নতুন বউ ক্যাটরিনাও অভিনয়ে ফিরছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

 

ভারতের সংবাদপত্রটি জানিয়েছে, আগামী জানুয়ারির মাঝামাঝিতে টাইগার-থ্রি এর শুটিংয়ে যোগ দেবেন ক্যাটরিনা। এই সিনেমায় ক্যাটরিনার বিপরীতে রয়েছেন সালমান খান।

 

মনীশ শর্মা পরিচালিত গুপ্তচর থ্রিলারটিতে ইমরান হাশমি এবং নওফল আজমির খানকেও দেখা যাবে। তারা দুজন ভিলেনের চরিত্রে অভিনয় করবেন। সিনেমাতে ইমরান একজন পাকিস্তানি আইএসআই গুপ্তচরের ভূমিকায় অভিনয় করবেন বলে জানা গেছে।

 

পিংকভিলার রিপোর্ট অনুসারে প্রোডাকশনের ঘনিষ্ঠ একটি সূত্র বিনোদনভিত্তিক অনলাইন পোর্টাল কইমইডটকমকে বলেছে, ‘নয়াদিল্লীতে ১৫ দিনের মতো শুটিং করা হবে। সালমান খান এবং ক্যাটরিনা কাইফের শুটিংয়ের জন্য উপযুক্ত সময় নির্ধারণের কাজ চলছে। শুটিংয়ের সময় অভিনেতা ও অভিনেত্রীর এক ঝলক দেখার জন্য উৎসুক দর্শকদের বিশাল ভিড় হওয়ার আশংকা করা হচ্ছে।

 

তবে এ ভিড় সামলানোর জন্য প্রস্তুত রয়েছে ক্রু টিমের সদস্যরা। শুটিং করার সময় তাদের কোনো ছবি ও ভিডিও ফাঁস থেকে রক্ষা করার জন্য উচ্চ-স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হবে।’

 

সূত্র জানায়, ‘এটি অনেক চ্যালেঞ্জিং শুট ছিল। কিন্তু আদিত্য চোপড়া, মনীশ শর্মা এবং পুরো ক্রু দর্শকদের একটি বিশ্বমানের অভিজ্ঞতা দিতে কোনো কমতি রাখেনি। নিশ্চিত থাকুন, টাইগারের এক ঝলক এবং বলিউডের ভাইজানকে বড় পর্দায় গিয়ে দেখতে দর্শকরা উৎসুক থাকবে।’

 

জানা গেছে, সালমান খান এবং ক্যাটরিনা কাইফের ‘টাইগার থ্রি’ বলিউডের সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন সিনেমা হিসেবে বিবেচিত হতে যাচ্ছে। সিনেমাটির শুটিং মহামারী চলাকালীন সময়েও করা হয়েছিল। যশ রাজ ফিল্মস সিনেমাটির মুক্তির দিন শিগগিরই ঘোষণা করবে।

 

২০১২ সালে মুক্তি পেয়েছিল সালমান ও ক্যাটরিনার ‘এক থা টাইগার’। দীর্ঘ পাঁচ বছর পর ২০১৭ সালে সিনেমার সিকুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পায়। দুটি সিনেমাই বক্স অফিসে সফল হয়। এর ধারাবাহিকতায় তৈরি হচ্ছে ‘টাইগার থ্রি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *