বিনোদন ডেস্ক- বর্তমান সময়ে টিভি নাটকে জনপ্রিয় অভিনেত্রীর নাম মেহজাবীন চৌধুরী। অভিনয় দিয়ে মন কেড়েছেন কোটি দর্শকের। তার অভিনয়ে মুগ্ধ হননি এমন মানুষের সংখ্যা খুবই কম। অভিনয় দিয়ে জনপ্রিয়তায় আকাশচুম্বী জায়গা করে নিয়েছেন এ অভিনেত্রী।
তার অভিনয় এবং নাটকের জন্য সবসময় আলোচনায় থাকেন তিনি। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে তেমন কথা বলতে দেখা যায়নি এ অভিনেত্রীকে। রেখেছেন অনেকটা আড়াল করে। ভক্তদের মনেও তাকে নিয়ে নানান প্রশ্ন।
তবে নির্মাতা আদনান আল রাজিবের সঙ্গে তার প্রেম ও বিয়ের গুঞ্জন অনেকদিন থেকেই উড়ছিল। এই জল্পনা আরো একটু উস্কে দিলেন রাজিব।
শনিবার (১৮ ডিসেম্বর) ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেহজাবিনের একটি ছবি শেয়ার করেন রাজীব। যেখানে দেখা যাচ্ছে, সমুদ্রের পাড়ে কোনো একটি রিসোর্টের ব্যালকনিতে দাঁড়িয়ে রাজীবকে জড়িয়ে ধরে আছেন মেহজাবিন। নির্মাতার বুকে মাথা রেখেছেন এই অভিনেত্রী। ক্যাপশনে রাজীব লিখেছেন, ‘ভালোই লাগে’। ছবিটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এতদিন প্রেমের বিষয়টি এড়িয়ে গেছেন মেহজাবিন ও রাজীব। কখনো সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি তারা। তবে এবার নতুন করে এই ছবি সামনে আসার পর এ বিষয়ে মুখ খুললেন মেহজাবিন চৌধুরী।
প্রেমের গুঞ্জন নিয়ে সরাসরি কিছু না বললেও এই অভিনেত্রীর ভাষ্য, প্রত্যেকেরই ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই থাকা উচিত। এমনকি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কারো সঙ্গে আলাপ করতেও ইচ্ছুক না বলে জানিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় এ অভিনেত্রী।
এর আগে রাজধানীর বসুন্ধরা শপিংমলে নির্মাতা আদনান আল রাজীবের হাত ধরে ঘুরতে দেখা যায় মেহজাবিনকে। রাজীবকে বরাবর ভালো বন্ধু হিসেবেই পরিচয় দিয়ে এসেছেন এ অভিনেত্রী।
তবে রাজীবের ইনস্টাগ্রাম ওয়ালে এই অভিনেত্রীর বিভিন্ন মুহূর্তের ছবি ভেসে বেড়াচ্ছে। যদিও এর আগে তাদের নিয়ে শোবিজ অঙ্গনে কানাঘুষা হয়েছে। একসঙ্গে বিদেশেও ঘুরতে গেছেন তারা। কিন্তু কখনো সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি এই কথিত প্রেমিক জুটি।
