নজর২৪ ডেস্ক- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হ’ত্যাকারীদের জান্নাত চেয়ে মোনাজাত করেছেন রাজশাহীর তাহেরপুর পৌর আওয়ামী লীগের নেতারা। এই মোনাজাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
উপজেলার তাহেরপুর শহীদ মিনার চত্বরে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে ওই মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক। মোনাজাতে অংশ নেন তাহেরপুর পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদসহ শীর্ষ নেতারা।
ভাইরাল হওয়া ১৬ সেকেন্ডের ভিডিওতে মোনাজাতে আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক বলেন, ‘মাবুদ জাতির জনক এবং তার পরিবারের সদস্যদের যারা হ’ত্যা করেছেন, আল্লাহ তাদের সবাইকে জান্নাত দান করে দিও আল্লাহ।’
এ সময় পৌর মেয়র আবুল কালাম আজাদসহ উপস্থিত আওয়ামী লীগ নেতাদের আমিন বলতে শোনা যায়।
বিষয়টি স্বীকার করলেও মোনাজাত করতে গিয়ে ভুলবশত এটি হয়েছে বলে দাবি করেন পৌর মেয়র আবুল কালাম আজাদ। পরে সেটির সংশোধন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
