বিনোদন ডেস্ক- অনির্বাণ ভট্টাচার্যর ‘মন্দার’ এবার ঢুকে পড়ল যশ-নুসরাতের মাঝখানে! ভাবছেন ব্যাপারটা কী? আসলে টলিউডের এখন নয়া সেনসেশন অভিনেতা দেবাশিস মণ্ডল। অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত সিরিজ ‘মন্দার’-এর কেন্দ্রীয় চরিত্র দেবাশিসকে দেখা যাবে শিলাদিত্য মৌলিকের আগামী ছবি ‘মাস্টারমশাই আপনি কিচ্ছু দেখেননি’তে।
যশ-নুসরাতের এই ছবি আদতে ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে ত্রিকোণ প্রেমের গল্প, প্রেম কাহিনির তৃতীয় কোণের খোঁজ গত এক মাস ধরেই চালাচ্ছিলেন পরিচালক, অবশেষে তাঁর এর ত্রিকোণমিতি সম্পূর্ণ।
‘মাস্টারমশাই আপনি কিচ্ছু দেখেননি’ ছবিতে শিলাদিত্য মাস্টারমশাই হচ্ছেন বর্ষীয়ান অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়, তাঁরই মেয়ের চরিত্রে থাকছেন নুসরাত জাহান।
কেমন হবে এই ছবির গল্প? জানা যাচ্ছে, প্রিয় ছাত্রর হ ত্যার সাক্ষী ছিলেন মাস্টারমশাই। যে খু নটা করে সে শুধু মাষ্টারমশাইয়ের আরেক ছাত্র ছিল না, বরং তার নিজের মেয়ের প্রেমিকও ছিল। এই হ ত্যাকাণ্ডের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের ছাত্র রাজনীতির দৃশ্যপট তুলে ধরবেন পরিচালক।
যশের ‘চিনে বাদাম’ নায়িকা এনা সাহা এই ছবির প্রযোজক, এই নিয়ে তিন নম্বর বার রুপালি পর্দায় ম্যাজিক ছড়াবে যশ-নুসরাত জুটি। তবে সম্পর্কে জড়ানোর পর এটাই হবে তাঁদের প্রথম ছবি।
অ্যাকশন-প্যাক সাউথ ছবির রিমেক ‘ওয়ান’ দিয়ে শুরু হয়েছিল এই জুটির অনস্ক্রিন প্রেমের যাত্রা। এরপর ‘এসওএস কলকাতা’। যে ছবির সেটে যশরাত-এর প্রেম কাহিনি শুরু হয়েছিল বলে দাবি করা হয়। আর সেই প্রেম কাহিনি আরও খানিকটা এগিয়ে যাবে ‘মাস্টার মশাই আপনি কিচ্ছু দেখেননি’তে।
