নাগরপুরে মহান বিজয় দিবস পালিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২১ পালিত হয়েছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন দেয়া বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দিবসটি পালন করেছে নাগরপুর উপজেলা প্রশাসন, নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন ও নাগরপুর উপজেলার সর্বস্তরের জনগণ। এদিন ভোরে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা হয়।

 

পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, দোয়া-মোনাজাত সহ সর্বশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচি শেষ হয়।

 

সূর্যোদয়ের সময় নাগরপুর উপজেলা প্রশাসন স্বারক ৭১ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে মুক্তিযোদ্ধা সংসদ, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা এবং সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

 

পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হূমায়ন কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, নাগরপুর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা অফিসার রোকুনজ্জামান, নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন, ডাকসু সাবেক সম্পাদক কাজী এটি এম আনিসুর রহমান বুলবুল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত সদর ইউপি চেয়ারম্যান মোঃ কুদরত আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মোঃ আজিজুল হক (বাবু) সহ বিভিন্ন সরকারী দফতরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দরা।

 

উল্লেখ্য, ৩০ লাখ মানুষের জীবন ও কয়েক লাখ নারীর সম্ভ্রম কেড়ে নেয়া নয় মাসের রক্তাক্ত যুদ্ধের পর ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানী হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশের অভ্যুদয় ঘটে।

 

বিজয় দিবস উপলক্ষ্যে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির সহ অন্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *