নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে বিআরটিসি বাস সার্ভিস বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এক ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ, নিরাপদ সড়ক চাই, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীরা ও ছাত্র-শিক্ষক সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বিআরটিসি বাসে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন পেশার সাধারণ মানুষ চলাচল করে। এমকে সুপারসহ পুঁজিবাদী বাস মালিকদের অন্যায্য আপদারে বিআরটিসি বাস বন্ধ করা যাবে না। প্রয়োজনে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
এক ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালনের সময় মহাসড়কের দুইদিকে প্রচুর যানবাহন আটকা পরে। পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর এসে তাদের অভিযোগ শুনে এর দ্রুত সমাধানের আশ্বাস দিলে মানববন্ধন শেষ করেন।
উল্লেখ্য গত ২০১৯ সালে নান্দাইল চৌরাস্তা থেকে ময়মনসিংহ পর্যন্ত বিআরটিসি’র ৮ টি দ্বিতল বাস চালু করা হয়। ইতিমধ্যে বিআরটিসি বাসগুলো যাত্রী পরিবহনে জনপ্রিয় হয়ে উঠে কিন্তু এমকে সুপার নামে একটি পরিবহন সংস্থার মালিকবৃন্দ বিআরটিসি বাস সার্ভিস বন্ধ করার দাবি করেন।
