Home বিনোদন গুঞ্জন সত্যি, আমেরিকায় স্থায়ী হচ্ছেন শাকিব খান

গুঞ্জন সত্যি, আমেরিকায় স্থায়ী হচ্ছেন শাকিব খান

0
383

বিনোদন ডেস্ক- শোবিজের একঝাঁক শিল্পী দেশ ছেড়ে বিদেশে স্থায়ী হয়েছেন। তাদের কেউ কেউ শীতের পাখি হয়ে দেশে ফেরেন, কিছুদিন বেড়ান-ঘুরেন সুযোগ হলে কাজও করেন। এ তালিকায় আছেন অভিনয়শিল্পী, সংগীতশিল্পী, নৃত্যশিল্পীসহ শোবিজের নানা অঙ্গনের মানুষ। এবার এ তালিকায় নাম লেখাতে চলছেন ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান। এ নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদও প্রকাশ করা হয়েছে।

 

এর আগে গত বছর শাকিবের আমেরিকায় স্থায়ী হওয়ার বিষয়ে সংবাদ প্রকাশ হয়েছিল। তখন নিজের বক্তব্যে সেই গুঞ্জনকে হেসে ‘ভুয়া’ ও ‘মনগড়া সংবাদ’ বলে উড়িয়ে দিয়েছিলেন শাকিব খান। প্রকাশ করেছিলেন ক্ষোভও। সেটা মূলত ছিল গোপনে তার আমেরিকায় স্থায়ী হওয়ার চেষ্টা ফাঁস হওয়ার জন্যই।

 

যার প্রমাণ মিলেছে সাম্প্রতিক সময়ে শাকিবের আমেরিকা সফর ও সেখানে টানা ছয় মাস থাকার খবর প্রকাশের মধ্য দিয়ে।

 

আজ ১৪ ডিসেম্বর বেশকিছু গণমাধ্যমে প্রকাশ হওয়া খবর সূত্রে জানা গেল, সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণপত্র নিয়ে আমেরিকায় গেছেন শাকিব। কথা ছিল ডিসেম্বরেই ফিরবেন। কিন্তু সহসাই ফেরা হচ্ছে না তার।

 

প্রকাশ হওয়া খবরে শাকিব খানের ‘গুলুই’ সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরুর ভাষ্য, ‘শাকিব আমেরিকায় স্থায়ী বসবাসের জন্য আবেদন করেছেন। যে কারণে তাকে ছয় মাস সেখানে থাকতে হবে। ইতোমধ্যে এক মাস হয়েছে। যদি সব ঠিকঠাক থাকে তাও মিনিমাম আরও চার মাস তাকে সেখানে থাকতে হবে।’

 

এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন সিনেমার শুটিংয়ের জন্য আমেরিকার ভিসা চেয়েছিলেন শাকিব খান। কিন্তু বারবার ভিসার সেই আবেদন নামঞ্জুর হয়েছে। অবশেষে তিনি আমেরিকায় গিয়েই সেখানে স্থায়ীভাবে বসবাস করার জন্য গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন। এছাড়া জানুয়ারির মাঝামাঝি নিউ ইয়র্কেই শুরু হবে তার নতুন ছবির কাজ।

 

জানা যায়, একটি নয়, দুই বা ততধিক ছবির শুটিং আমেরিকায় করবেন শাকিব খান। এরমধ্যে দুটি সিনেমা পরিচালনা করবেন হিমেল আশরাফ। যার একটির নাম ‘মায়া’।

 

শাকিবের ঘনিষ্ঠজন জানিয়েছেন, এবার নায়কের পরিকল্পনা বেশ সুদূরপ্রসারী। শুধু ছবিতে অভিনয় নয়, চাক্ষুষ দাঁড়িয়ে ব্যবসা করতেই নিজের এসকে ফিল্মস থেকে চারটি ছবি নির্মাণের কথা ভাবছেন। এরমধ্যে একটি অথবা দুটি সিনেমার শুটিং, এডিটিং ও ডাবিং শেষে আগামী রোজার ঈদে সেখানকার হলে মুক্তি দেবেন কিং খান। আর সেই ব্যবসার লাভসমেতই দেশে ফেরার পরিকল্পনা তার। সঙ্গে আমেরিকায় স্থায়ী বসবাসের সনদটাও হাতে নেওয়ার পরিকল্পনা তার।

 

অবশ্য শাকিব নিজেই সে ইঙ্গিত দিয়েছেন। নিউ ইয়র্কে অংশ নেওয়া একটি পুরস্কার অনুষ্ঠানে গত ১৪ নভেম্বর জানান, যুক্তরাষ্ট্রে তিনি রোজার ঈদ উদযাপন করতে চান এবং ঈদ উপলক্ষে একটি সিনেমা করতে চান, যেটি বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও মুক্তি পাবে। তবে সেটা যে এতটা পরিকল্পিত তা হয়তো হাত দূরত্বে থাকা মানুষটিও বুঝতে পারেননি!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here