Home আলোচিত ভাইয়ের বাসায় উঠেছেন ডা. মুরাদ

ভাইয়ের বাসায় উঠেছেন ডা. মুরাদ

0
177

নজর২৪ ডেস্ক- কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ডা. মুরাদ হাসান দেশে ফিরলেও নিজের বাসায় যাননি। উত্তরায় তার ভাইয়ের বাসায় উঠেছেন।

 

কানাডা ও দুবাইয়ে ঢুকতে ব্যর্থ হয়ে রোববার (১২ ডিসেম্বর) বিকেলে এমিরেটস এয়ারলাইন্সে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। এরপর নিজেকে আড়াল করে বিমানবন্দর থেকে ভাইয়ের বাসায় যান।

 

আজ সোমবার (১৩ ডিসেম্বর) বিকালে একাধিক দায়িত্বশীল কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানায় সমকাল।

 

এদিকে মুরাদের বিরুদ্ধে মামলার আবেদনের হিড়িক লেগেছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, ময়মনসিংহ, সিরাজগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন জমা পড়েছে। বরিশালে জাতীয়তাবাদী আইজীবী ফোরামের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম সোমবার ডিজিটাল নিরাপত্তা ট্রাইব্যুনালে একটি মামলা করেন।

 

পাবলিক প্রসিকিউটর ইশতাক হোসেন রুবেল জানান, আদালত মামলাটি আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন। মুরাদ ছাড়াও ভার্চুয়াল টকশোর উপস্থাপক মহিউদ্দিন হেলালকেও এ মামলায় আসামি করা হয়েছে।

 

উল্লেখ্য, ফেসবুক লাইভ টকশোতে নারী বিদ্বেষী বক্তব্য প্রদান এবং চিত্রনায়িকা মাহিয়া মাহিকে অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষায় ধ র্ষ ণের হুমকি প্রদানের অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে গত সপ্তাহে (৭ ডিসেম্বর) মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা ডা. মুরাদ হাসান।

 

এরপর গত বৃহস্পতিবার দেশ ছেড়ে কানাডার উদ্দেশে চলে যান তিনি। দুবাই হয়ে কানাডার টরেন্টো বিমানবন্দরে পৌঁছালেও সে দেশের কর্তৃপক্ষ তাকে বিমানবন্দর থেকেই ফিরিয়ে দেয়। বাধ্য হয়ে মুরাদ হাসান দুবাই ফিরে আসেন। দুবাই বিমানবন্দরে বসে আরব আমিরাতে ঢোকার চেষ্টা করেন তিনি। কিন্তু এতেও ব্যর্থ হয়ে শেষমেশ দেশেই ফিরে আসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here