আমি একদমই প্রস্তুত ছিলাম না: মিথিলা

বিনোদন ডেস্ক- ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। ৮ সপ্তাহ পর মিথিলা নিম্ন আদালতে আত্মসমর্পণ তার জামিন বিবেচনা করতে বলা হয়েছে।

 

সোমবার (১৩ ডিসেম্বর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাইকোর্ট এই আদেশ দেন। আদালতে মিথিলার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক।

 

এর আগে মামলায় আগাম জামিন নিতে বিকেল ৩টার পর আদালতে হাজির হন তিনি। জামিন আদেশের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এই অভিনেত্রী।

 

এ সময় তিনি বলেন, ‘মহামান্য আদালত বলেছেন, যে মামলাটি আমার বিরুদ্ধে করা হয়েছে, সেটার আসলে খুব একটা ভিত্তি নেই, বেজটা স্ট্রং না, সে জন্যই কিন্তু আমাকে জামিন দিয়েছেন আদালত।’

 

আইনের প্রতি আস্থা রেখে মিথিলা বলেন, ‘আমি আশা করছি যে শিল্পীরা হয়রানির শিকার হবেন না। এখন শুধু না, ভবিষ্যতেও হবেন না। আমি যখন ইভ্যালিতে যুক্ত হয়েছি, তার আগেই ইভ্যালির ৪০ লাখ গ্রাহক ছিল। তারা যেভাবে আস্থা রেখেছে, আমিও কিন্তু সেভাবে আস্থা রেখেছি।’

 

এখন আরও সতর্ক হয়ে কাজ করবেন জানিয়ে মিথিলা বলেন, ‘অবশ্যই আমি আমি আরও সতর্ক হয়ে কাজ করব। আমি অসম্ভব রকমের হয়রানির মধ্য দিয়ে গিয়ে যেটি আমি শিখলাম, সেটা হচ্ছে যে আমাদের আর্টিস্টদের সাপোর্ট করার জন্য আইনজীবী নেই মিডিয়ার এসব ইস্যু ডিল করার জন্য। আমাদের প্রপার এজেন্সি নেই, আমাদের ম্যানেজার নেই।

 

‘এসবের জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি একশর ওপর ব্র্যান্ড এনডোর্স করেছি, দেশের অনেক বড় বড় ব্র্যান্ডের সঙ্গে যুক্ত ছিলাম। এ রকম একটা হয়রানিমূলক পরিস্থিতির জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না।’

 

ইভ্যালি নিয়ে মূল্যায়ন জানতে চাইলে মিথিলা বলেন, ‘সবার যেমন মূল্যায়ন, আমারও তেমনি মূল্যায়ন। সেসব বিষয় নিয়ে আদালতে পর্যালোচনা হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *