বিনোদন ডেস্ক- বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় দুই অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (১৩ ডিসেম্বর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন।
আদালতে মিথিলার পক্ষে শুনানি করেন আইনজীবী ইমতিয়াজ ফারুক ও নিয়াজ মোর্শেদ। আর শবনম ফারিয়ার পক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না ও জেসমিন সুলতানা।
এর আগে গেল রোববার (১২ ডিসেম্বর) মিথিলার পক্ষে আইনজীবী নিয়াজ মোর্শেদ এবং ফারিয়ার পক্ষে অ্যাডভোকেট জেসমিন সুলতানা জামিন আবেদন দায়ের করেন।
গত ৪ ডিসেম্বর ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির অর্থ আত্মসাতের অভিযোগে তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন। মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামীমা নাসরিন, তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনকে আসামি করা হয়েছে।
মামলায় বাদী অভিযোগ করেন, আসামিরা তার তিন লাখ ১৮ হাজার টাকা আত্মসাতে সাহায্য করেছেন। তারটাকা তিনি এখনও উদ্ধার করতে পারেননি। তাই তিনি বাধ্য হয়ে মামলা করেছেন। পরে ওই মামলায় আগাম জামিন চেয়ে গত ১২ ডিসেম্বর হাইকোর্টে জামিনের আবেদন জানান অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া।
