যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা: দেখভালে তিন মন্ত্রীকে দায়িত্ব

নজর২৪, ঢাকা- র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার বিষয়টি দেখভালে তিন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

সোমবার (১৩ ডিসেম্বর) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।

 

মন্ত্রিপরিষদ সচিব জানান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে মন্ত্রিসভায় কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। কারণ বিষয়টি ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী হ্যান্ডেল করছেন। তাই এটি নিয়ে আর আলোচনা হয়নি।’

 

নারীর প্রতি অবমাননা করে দেয়া এক বক্তব্যের জের ধরে সদ্য পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের দেশে ফেরার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ক্যাবিনেটে এটা নিয়ে আলোচনা হয়নি। এ বিষয়েও স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব দেয়া হয়েছে। উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) তো অলরেডি এটা নিয়ে কথাও বলেছেন। আমি তো বাইরে ছিলাম। দেখলাম উনি কথা বলছেন।’

 

‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগ তুলে র‍্যাব এবং বাহিনীর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদের মধ্যে র‍্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) এবং বর্তমান মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদও রয়েছেন।

 

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে শুক্রবার (১০ ডিসেম্বর) বিভিন্ন দেশের ১৫ ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব দপ্তর)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *