ভক্তদের ভালোবাসাই আমার ক্ষমতা: তাহসান

বিনোদন ডেস্ক- বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ‘প্রতারণামূলক কর্মকাণ্ডে সহযোগিতা ও অর্থআত্মসাৎ’ এর অভিযোগ এনে ৪ ডিসেম্বর গায়ক ও অভিনেতা তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয় জনের বিরুদ্ধে মামলা করেন সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক।

 

ইতিমধ্যে মিথিলা ও শবনম ফারিয়া গতকাল রোববার আগাম জামিন আবেদন করেছেন। আজ সোমবার হাইকোর্ট বেঞ্চে পৃথক শুনানি হবে। তবে এই মামলার তাহসান খান এখনো জামিন আবেদন করেননি।

 

জানা যায়, স্টেজ শোর জন্য আমন্ত্রিত তাহসান খান এই মুহূর্তে আছেন যুক্তরাষ্ট্রে। তিনি জানালেন, সেখানে তাঁর কয়েকটি কনসার্টে গান পরিবেশনের কথা রয়েছে।

 

মামলা বিষয়ে কি ভাবছেন, জানতে চাইলে রোববার তাহসান গণমাধ্যমকে বললেন, তাঁর আইনজীবী মামলার কাগজপত্র পর্যবেক্ষণ করছেন। তিনিই সিদ্ধান্ত নেবেন কবে কীভাবে জামিনের জন্য আবেদন করবেন।

 

দুই দশকের বেশি সময় ধরে বিনোদন অঙ্গনে গান আর অভিনয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তাহসান। এই দীর্ঘ সময়ে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হননি তিনি। তাই এ ঘটনা তাঁর জন্য বিব্রতকর।

 

তাহসান বলেন, ‘এমন ঘটনা আমার জন্য অনেক বিব্রতকর। ভক্তদের ভালোবাসাই জাস্ট আমার ক্ষমতা। এ ছাড়া আমার আর কোনো ক্ষমতা নেই। ভক্তরা যেন আমাকে ভুল না বোঝেন। আমি একদিন হয়তো পুরো ঘটনা কোনো বইয়ে লিখব। যতটুকু পারি ততটুকু গল্পটা বলব আরকি।’

 

দেশে ফিরবেন কবে? এমন ঘটনার পর দেশে ফেরা নিয়ে কোনো অস্বস্তি হচ্ছে কি না, জানতে চাইলে তাহসান বলেন, ‘দেশে ফিরতে অস্বস্তি বোধ করব কেন। আমি তো কোনো অপরাধ করিনি। মামলা হয়েছে, আমি আইনগতভাবে মোকাবিলা করব, দ্যাটস ইট। তবে এই ধরনের ঘটনা অপমানজনকও।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *