বিনোদন ডেস্ক- প্রেম-বিয়ে নিয়ে কম লুকাছাপা করেননি বলিউডের আলোচিত জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বিয়ের অনুষ্ঠানেও চূড়ান্ত গোপনীয়তার আশ্রয় নিয়েছেন তারা। এমনকি তাদের বিয়ের অনুষ্ঠানে ক্যামেরা নিয়ে প্রবেশও নিষিদ্ধ ছিল। শোনা যাচ্ছিল বিয়েতে প্রবেশের জন্য অতিথিদের দেওয়া হবে গোপন কোড। ভিক্যাট নাকি শতকোটি রুপিতে তাদের বিয়ের ভিডিও ও ছবি একটি ওটিটি প্ল্যাটফর্মে বিক্রি করেছেন। তাই নাকি এতো গোপনীয়তা।
তবে এতো রাখঢাকের পরও বিয়ের দিনই ছবি শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টগ্রামে বিয়ের ছবি দিয়েছেন দুজনই। এরপর একে একে বিবাহ পূর্ববর্তী অনুষ্ঠান হলুদ ও মেহেন্দির ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ভিক্যাট। রোববার মেহেন্দি উৎসবের ছবি পোস্ট করেছেন ক্যাটরিনা।
তবে এত সব ছবির মধ্যে নজর কেড়েছে ক্যাটরিনার পোস্ট করা এক ছবি। শুধু ভিকির সঙ্গেই নয়, পুরো কৌশল পরিবারের সঙ্গেই যে ক্যাটরিনার সম্পর্ক বেশ মধুর তা যেন বুঝিয়ে দিচ্ছে এ ছবি।
ভিকির বাবা শ্যাম কৌশল, সাবেক স্টান্টম্যান তার সঙ্গে এক ছবি পোস্ট করেছেন ক্যাটরিনা। ছবিতে দেখা যাচ্ছে, এক গাল হাসি নিয়ে শ্বশুর মশাইয়ের সঙ্গে জমিয়ে নাচছেন ক্যাট। পাঞ্জাবি বৌমা, শ্যাম কৌশলও উপভোগ করছেন এ স্পেশাল মুহূর্ত। যা দেখে মুগ্ধ নেটিজেন। কমেন্ট এসেছে একের পর এক। তাতেই লেখা, ‘বিয়ে তো এমনই হওয়া উচিত। সম্পর্কগুলোও হওয়া উচিত এমনই সুমধুর।’
বরাবরই লো প্রোফাইল মেনে এসেছেন ভিকির পরিবার। সাজপোশাক থেকে শুরু করে আদবকায়দা– ছেলে সুপারস্টার হওয়ার পরও পরিবর্তন হয়নি তাদের, বলছে সাম্প্রতিক এক ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, জয়পুর থেকে মুম্বাই ফেরার সময় ভিকির বাবা-মা যে পোশাক পরেছিলেন তা একেবারেই সাধারণ। এখানেই শেষ নয়, বিয়ের ঠিক আগে হেঁটে এটিএম বুথেও যেতে দেখা গিয়েছিল ভিকির বাবাকে। নেটিজেনরা মজার ছলে লিখেছিলেন, ‘ছেলের বিয়ের জন্য টাকা তুলতে যাচ্ছেন বুঝি’? ক্যাটরিনার সঙ্গে শ্যাম কৌশলের ওই ছবি প্রমাণ করে দিল মাটিতে পা দিয়ে চললেও কৌশল পরিবার বেশ আমুদে।
গত ৯ জানুয়ারি জয়পুরের সিক্স সেন্স প্রাসাদে বিয়ে করেছেন ভিকি-ক্যাট। তাদের বিয়ে নিয়ে প্রথম থেকেই নেটিজেনদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। ভিকি-ক্যাটরিনার প্রেমের সূত্রপাত ঠিক কবে কোথায়, তা অনেকেরই অজানা। বিয়ের আগে দুজনে একসঙ্গে ছবি পোস্ট করেননি কোনো দিন। প্রকাশ্যে সম্পর্ক নিয়ে কোনো দিনও কিছু বলেননি তারা। ক্যাটরিনার ঘনিষ্ঠ বৃত্ত জানিয়েছিল, আগের সম্পর্কগুলো ভেঙে যাওয়ায় ভিকির সঙ্গে সম্পর্ক নিয়ে অনেক বেশি সাবধান ছিলেন ক্যাট। ভিকি ক্যাটের তুলনায় বলিউডে নতুন।
