দুই বছরের সাজা মওকুফ, বেকসুর খালাস পেলেন ছাত্রলীগ নেতা রনি

নজর২৪, চট্রগ্রাম- ভোটকেন্দ্রে অবৈধভাবে প্রবেশ ও প্রভাব বিস্তারের অভিযোগে চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে দেওয়া ভ্রাম্যমাণ আদালতের দুই বছরের কারাদণ্ড মওকুফের আদেশ দিয়েছেন আদালত।

 

রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ফারজানা আকতারের আদালত এ আদেশ দেন। এর ফলে সাড়ে পাঁচ বছর আগের ওই সাজা থেকে তিনি বেকসুর খালাস পেয়েছেন।

 

চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা আকতার আসামি নুরুল আজিম রনির দাখিল করা আপিল মঞ্জুর করে তাকে সাজা থেকে অব্যাহতি দেন।

 

চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নাছির উদ্দীন বলেন, ভ্রাম্যমাণ আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল। আদালত শুনানি শেষে দুই বছরের সাজা মওকুফ করে দিয়েছেন।

 

ঘটনার সময় রনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। নানা কর্মকাণ্ডে বিতর্কিত হয়ে পড়লে ২০১৮ সালের ১৯ এপ্রিল তিনি দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রলীগ ওই পদ থেকে রনিকে অব্যাহতি দেয়।

 

অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন, ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচন হাটহাজারীতে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের দেয়া ২ বছরের সাজার বিরুদ্ধে নুরুল আজিম রনির আপিলের শুনানি শেষে ওই সাজা থেকে রনিকে অব্যাহতি দিয়েছে আদালত।

 

প্রসঙ্গত, ২০১৬ সালের ৭ মে বেলা সোয়া ১২টার দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে হাটহাজারী উপজেলার মির্জাপুর থেকে রনিকে আটক করে বিজিবি। এ সময় রনির কাছে একটি নাইন এমএম পি স্ত ল, ১৫ রাউ ন্ড গু লি ও ২৬ হাজার টাকা পাওয়া যায়। এসময় প্রভাব বিস্তারের অভিযোগে তাকে দুই বছরের কারাদণ্ড দেন নির্বাচনে দায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ। পরে তিনি জামিনে মুক্তি পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *