মুরাদকে গ্রেফতারের দাবিতে বিমানবন্দরে বিক্ষোভ

নজর২৪, ঢাকা- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো সংসদ সদস্য ডা. মুরাদ হাসান দেশে ফেরার খবরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডা. মুরাদ বিরোধী স্লোগান দিয়েছেন সাধারণ জনতা।

 

আজ রোববার (১২ ডিসেম্বর) সকাল ৯টার পর বিমানবন্দরের সামনে ফুটপাতে ১০ থেকে ১৫ জন ব্যক্তি জড়ো হয়ে তারা ডা. মুরাদ বিরোধী স্লোগান দেন। পরে পুলিশ এসে তাদের সেখান থেকে সরিয়ে দেয়।

 

এসময় নারীর প্রতি বিদ্বেষপূর্ণ, অশালীন ও অবমাননাকর বক্তব্য দিয়ে সমালোচিত ডা. মুরাদ দেশে ফিরলে তাকে গ্রেপ্তারের দাবি জানান বিক্ষোভকারীরা।

 

বিক্ষোভকারীরা বলেন, মুরাদ হাসান আমাদের মা-বোনের ইজ্জত নিয়ে কটূক্তি করেছেন। তার অনেক দুর্নীতি আছে। তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে থলের বেড়াল বেরিয়ে আসবে।

 

বিমানবন্দর থানার এসআই সাজ্জাদ শাকিল গণমাধ্যমকে জানান, কিছু লোক সড়কে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলেন, আমরা তাদের সরিয়ে দিয়েছি।

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনিকে নিয়ে মুরাদ হাসানের মন্তব্যের ব্যাপারে সমালোচনার মধ্যেই একটি টেলিফোন আলাপ ফাঁস হয় গত রোববার। তখন তীব্র নিন্দার মুখে তিনি ঢাকা থেকে চট্টগ্রাম চলে যান।

 

এরপর গত সোমবার রাত প্রধানমন্ত্রী তাকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন। পরদিন মঙ্গলবার তিনি পদত্যাগ পত্র পাঠান।

 

পদত্যাগের পর মুরাদ হাসান সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন এবং তাতে তিনি লিখেছিলেন, যদি তার কোনো ভুল হয় তাহলে যেন ক্ষমা করা হয়।

 

এরপর বৃহস্পতিবার রাতে কানাডার উদ্দেশে ঢাকা ছাড়ের মুরাদ। তবে টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সেখানে ঢুকতে ব্যর্থ হন তিনি। ফলে তাকে আবার দুবাই ফিরে আসতে হয়। পরে জানা যায় তিনি দেশে ফেরত আসার জন্য টিকিট কেটেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *