বিনোদন ডেস্ক- গেল বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এমিরেটস এয়ারলাইনসের ইকে৮৫৮৫ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়েন ডা. মুরাদ হাসান। সাবেক তথ্য প্রতিমন্ত্রীর এই দেশ ছাড়ার ঘটনায় ব্যাঙ্গাত্বমূলক একটি গান গেয়েছেন হিরো আলম।
শুক্রবার (১০ ডিসেম্বর) ‘পালালো পালালো মুরাদ হাসান’ শিরোনামে গানটি অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন হিরো আলম। গানটির কথা ও সুর করেছেন মমো রহমান।
গানটি প্রকাশের আগে হিরো আলম এক ভিডিও বার্তায় বলেন, গত কয়েক দিন ধরে আপনারা শুনতেছেন বাদাম বাদাম গান। তবে আজ একটি ব্যতিক্রমী গান করবো। মুরাদ হাসান ও বাদাম বাদাম মিক্সড করে একটি গান করছি। দুই গান মিলে ভেঙে একটি নতুন গান উপহার দিতে যাচ্ছি।
এর আগে হিরো আলমকে নিয়ে নানা কটূ কথা বলেছিলেন ডা. মুরাদ হাসান। সুযোগ বুঝে প্রতিমন্ত্রীর সেই বেফাঁস মন্তব্য নিয়ে প্রতিবাদী হয়ে উঠছিলেন হিরো আলম। নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে ডা. মুরাদকে ধুয়ে দিয়েছেন তিনি।
ভিডিওতে হিরো আলম বলেন, ‘সুপ্রিয় দর্শক এতক্ষণ মুরাদ হাসানের বক্তব্য শুনলেন। সে এমন একজন ব্যক্তি যার সমালোচনা করাই কাজ। তিনি মনে করেন তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষ।’
আলম আরও বলেন, ‘আমাকে দেখলেন কী বললো, আমি যে গান করি তা নাকি লো শ্রেণীর, লো শ্রেণীর মানুষদের শোভা পায়। আমার চেহারা নিয়েও কথা বলেছে। চেহারা আল্লাহর দান।’
হিরো আলম সবসময়ই বলে আসছেন তিনি গায়ক নন, তিনি শখে গান করেন। এক অনুষ্ঠানে হিরো আলমের সঙ্গে মুরাদ হাসানের দেখা হয়েছিল বলে দাবি করলেও হিরো আলম জানান, এমন কোনো অনুষ্ঠানের কথা তিনি মনে করতে পারছেন না, যেখানে মুরাদ হাসানের সঙ্গে তার দেখা হয়েছিল।
মুরাদের বিরুদ্ধে মামলা করবেন উল্লেখ করে হিরো আলম বলেন, ‘আমি মুরাদ হাসানকে বলতে চাই, আমার চেহারা নিয়ে যেহেতু তিনি খারাপ মন্তব্য করেছেন, আমি অবশ্যই তার বিরুদ্ধে মামলা করব।’
ভিডিওতে হিরো আলম প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মুরাদ হাসানকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।
হিরো আলম কবে মামলা করতে চাচ্ছেন জানতে তার সঙ্গে কথা হয়। এ সময় হিরো আলম নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তিনি বলেন, ‘মামলা তো করতে চাইছি, এখন দেখি। কবে করব সেটা ঠিক করা হয়নি। কোনো পদক্ষেপও নেয়া হয়নি।’





