Home প্রধান খবর কানাডায় না পেরে এবার দুবাইয়ে ঢোকার চেষ্টায় ডা. মুরাদ

কানাডায় না পেরে এবার দুবাইয়ে ঢোকার চেষ্টায় ডা. মুরাদ

0
287

নজর২৪ ডেস্ক- নানা বিতর্কিত বক্তব্যের জেরে তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো জামালপুর-৪ আসনের এমপি ডা. মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেয়নি দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি। টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেয়া হয়েছে।

 

এদিকে কানাডায় প্রবেশ করতে না পেরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরে অবস্থান করছেন ডা. মুরাদ হাসান। তিনি বর্তমানে মধ্যপ্রাচ্যের এ দেশটিতেই থেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

 

তবে যদি ইমিগ্রেশন পেরিয়ে দেশটিতে প্রবেশ করতে না পারেন, সে ক্ষেত্রে তিনি দেশে ফিরে আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

 

এর আগে অশালীন বক্তব্য দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান কানাডায় ঢুকতে পারেননি বলে জানিয়েছিল উত্তর আমেরিকার দেশটির একটি বাংলা সংবাদমাধ্যম।

 

নতুন দেশ নামের ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, মুরাদকে কানাডায় ঢুকতে দেয়নি দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি। টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেয়া হয়।

 

এতে আরও বলা হয়, কানাডায় বসবাসরত মুরাদের ঘনিষ্ঠ একাধিক সূত্র ঘটনার সত্যতা স্বীকার করেছে। তবে কানাডার সরকারি সূত্র থেকে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

 

প্রতিবেদনে উল্লেখ করা হয়, কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানা যায়নি।

 

গত বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ২১ মিনিটে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ঢাকা থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৮৫৮৫ ফ্লাইটে করে দুবাই যান। সেখান থেকে তিনি কানাডার উদ্দেশে রওনা হন।

 

এর আগে ৯ ডিসেম্বর দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. মুরাদ হাসানের বিদেশ যাত্রায় কোনো বাধা নেই বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রী তখন বলেন, ‘তিনি বিদেশে থাকবেন নাকি স্বদেশে থাকবেন, এটি তার এখতিয়ারের ব্যাপার। এ বিষয়ে আমাদের কিছু বলার নাই।’

 

বিভিন্ন টকশো ও অনুষ্ঠানে নানা বিষয়ে বিতর্কিত মন্তব্য ও ঢাকাই সিনেমার এক নায়িকার সঙ্গে অডিও ফাঁসের ঘটনায় ডা. মুরাদকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি পদত্যাগ করেন। একইসঙ্গে জামালপুর আওয়ামী লীগের পদ হারান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here