বিনোদন ডেস্ক- রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করলেও এখন পুরোদস্তুর অভিনেতা মুশফিক আর ফারহান। ঈদুল আজহায় তার অভিনীত পাঁচটি নাটক প্রচার হয়েছে। এর মধ্যে ‘সুইপার ম্যান’ দর্শকের হৃদয়ে নাড়া দিয়েছিল।
তার ধারাবাহিকতায় সম্প্রতি তার আরও একটি নাটক প্রশংসিত হচ্ছে দর্শকদের কাছে। নাটকটির নাম ‘পাগল তোর জন্য’। লেগুনা ড্রাইভারদের জীবনের গল্প নিয়ে নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন।
এতে ফারহানের সঙ্গে পোশাককর্মীর চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল। নাটকের শেষ দৃশ্য দর্শককে আবেগাপ্লুত করেছে, যা অন্তর্জালে বেশ প্রশংসায় ভাসছে।
এমন একটি চরিত্রে অভিনয়ের প্রস্তুতি প্রসঙ্গে মুশফিক আর ফারহান বলেছেন, ‘কাজটির জন্য একটু বাড়তি কষ্ট করেছি, লেগুনা চালানো শিখতে হয়েছে, শুটিংয়ের আগে কয়েক দিন অনুশীলন করেছি। এ ছাড়া চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে শুটিংয়ের বাইরেও আমি একা একা বিভিন্ন জায়গায় গিয়েছি, যেখানে লেগুনা ড্রাইভাররা থাকেন।’
ফারহান আরও বলেন, ‘অনেক কষ্ট করে ধৈর্য নিয়ে কাজটি করে দর্শকের রেসপন্স পাচ্ছি। তবে এখন মনে হচ্ছে পরিশ্রম সার্থক। এ ধরনের চরিত্র করতে পেরে আমি সত্যিই দারুণ তৃপ্তি খুঁজে পেয়েছি। দর্শকের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা।’
পরিচালক মাহমুদ মাহিন বলেন, নায়কদের বাস, ট্রাক, টেক্সি চালাতে দেখলেও লেগুনা চালাতে দেখা যায়নি। ফারহানের সঙ্গে আলোচনা করতে করতে হঠাৎ লেগুনা ড্রাইভারের কনসেপ্টটি মাথায় আসে। তবে গল্পের ধারণা মাথায় ছিল ২০১৭ দিকের। ধ র্ষ ণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ধারণাটি এসেছিল। সেই গল্প বিভিন্নভাবে সাজিয়ে ভেঙে ‘পাগল তোর জন্য’ বানিয়েছি।
তিনি বলেন, ভিউ যে কোনো কাজেই হয়। কিন্তু প্রশংসা করে মনের আবেগ মিশিয়ে বিভিন্ন ইতিবাচক টেক্সট পাচ্ছি এ কাজটি থেকে। শুধু দর্শক নয়, মিডিয়ার অনেক সিনিয়র শিল্পী ও নির্মাতা-প্রযোজকরাও ফোন করে প্রশংসা জানাচ্ছেন।
