ট্রেলারেই বাজিমাত সিয়াম-পূজার ‘শান’

বিনোদন ডেস্ক- গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে দেশের ইতিহাসে প্রথম ‘শান’ সিনেমার ট্রেলার অবমুক্ত করা হয়। সেখানে উপস্থিত হয়েছিলেন সিনেমাটির নায়ক সিয়াম আহমেদ, নির্মাতা এম রাহিম। কিন্ত ব্যক্তিগত সমস্যার কারণে নায়িকা পূজা চেরী উপস্থিত হতে পারেননি।

 

এদিন টিএসসিতে সিয়াম আহমেদকে দেখে ভক্তদের উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে পরবর্তীতে অবস্থান নেন পরমাণু শক্তি কমিশনে, কিন্তু সেখানেও সিয়ামের ভক্তদের ভিড় জমে গেলে গাজী টিভির বিল্ডিং এ সাংবাদিকদের সাথে কথা বলেন সিয়াম আহমেদ।

 

“শান” এর ট্রেলার টিএসসিতে অবমুক্ত করার কারণ কি?

সিয়ামঃ আমাদের অনেকে বলেছেন যেসব দর্শকরা ২০১০ সালের আগে বাংলা সিনেমার দর্শক ছিলেন, যারা পরিবার নিয়ে এখন সিনেমা দেখতে চায়, এই ধরনের মানুষ তাদের টার্গেট করে এখানে করা। তারা অভিমান করে হল বিমুখ হয়েছেন। এখন তাদের কাছে আমাদের পৌঁছাতে হবে। আর টিএসসিতে আমার অনেক স্মৃতি জড়িত এবং ঢাকার মধ্যে মানুষের একটা মিলন মেলা টিএসসি। তাদের কাছে পৌঁছাতে “শান” এর ট্রেলার এখানে অবমুক্ত করা।

 

তার মানে আপনি বলতে চান এটা প্রচারণার একটা কৌশল?

সিয়ামঃ আপনি বলুন এটাই তো আমি চাই। কারণ ওই দিন তো শেষ, আমাদের এখন স্মার্ট প্রমোশন করতেই হবে। যদি পজেটিভ ভাবি পজেটিভ, নেগেটিভ ভাবলে নেগেটিভ।

 

পোড়ামন-২, দহন থেকে “শান”এ সিয়াম-পূজার রসায়ন কি একই হবে নাকি ভিন্ন?

সিয়ামঃ জানুয়ারির ৭ তারিখে এ বিষয়ে কথা বলব, তখন না হয় আমি আপনার থেকে এই প্রশ্নের উত্তরটা জেনে নেব রসায়ন একই নাকি ভিন্ন। এটা আপনার উপর আমার দাবি থাকতেই পারে জানার জন্য (হাসি)। তবে পোড়ামন-২ এবং দহন এর আশেপাশের কিছুও আমরা করিনি।

 

এক মাসের মাথায় দুটি পুলিশি সিনেমা মুক্তি পাচ্ছে (মিশন এক্সট্রিম এবং শান)! এখানে দর্শক ভাগাভাগি হয়ে যাবার সম্ভবনা আছে কি না?

সিয়ামঃ আপনি সকালে নাস্তা খান তখন কি দুপুরে ও রাতে খাবার বন্ধ করে দেন? (মজার ছলে) যদি ‘না’ বন্ধ করে দেন তাহলে সিনেমার জন্য এত বাধ বিচার কিসের। মিশন এক্সট্রিম দেখতে দর্শক হলে যাচ্ছে। আজ লাল মোরগের ঝুটি মুক্তি পেল। আমি শিওর দুটি সিনেমা ভাল হয়েছে, দর্শক দেখছে হলে গিয়ে। মাঝখানে আরো সিনেমা রিলিজ হবে, এরপর “শান” মুক্তি পাবে। দর্শকদের হলে ফেরাতে আমরা তিন চারটি করে অপশন দিচ্ছি তাহলে দেখবে না কেন? কাউকে তো জোর করে ধরে সিনেমা দেখানো যাবে না। সিনেমা হল থেকে বিমুখ হতে সময় লেগেছে দর্শকদের ফিরতেও সময় লাগবে। কিন্ত আমাদের ধারাবাহিক কাজ দিতে হবে সবাই মিলে, তাহলে দর্শক আবার ফিরবে।

 

“শান” কতটুকু ব্যবসা করতে পারবে বলে মনে করেন?

সিয়ামঃ “শান” একেবারে আলাদা আমার অন্য সিনেমাগুলোর চেয়ে। মহামারির মধ্যে আমরা “বিশ্বসুন্দরী” ১১৪ দিন সিনেমা হলে চালিয়েছি। যেখানে কেউ সাহস পাচ্ছিল না সেখানে দর্শক “বিশ্বসুন্দরী”কে সফল করেছে। আসলে যেটা ভালো সেটা ভাল চলবে।

 

”শান” এর গল্প কতটুকু আলাদা আপনার অন্য সিনেমা থেকে?

সিয়ামঃ “শান” এ আমরা দর্শককে বিনোদন দেয়ার চেষ্টা করেছি। আনন্দ দেয়ার চেষ্টা করেছি। হিউম্যান ট্রাফিকিং একটা মারাত্বক সমস্যা। সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। পোড়ামন-২ যতটুকু কমার্শিয়াল সিনেমা ছিল দহন কিন্তু ততটাও নয়। দহনে আমরা মেসেজটা মোটা দাগ দিয়ে দেখানোর চেষ্টা করেছি। কিন্তু এবার আমরা আসলে কথা বলতে চাচ্ছি না। দর্শককে বিনোদন দেওয়ার চেষ্টা করেছি একটা গল্প বলার চেষ্টা করেছি। সমাজে যাদেরকে নিয়ে হিউম্যান ট্রাফিকিং একটা টপিক তাদেরকে জ্ঞানের কথা বলে লাভ নেই, একটা সিনেমা কিন্তু বলে দিতে পারে।

 

ন্যাশনাল অ্যাওয়ার্ড আশা করছেন কি না?

সিয়ামঃ ইনশাল্লাহ। যেকোন আর্টিস্টদের জন্য এটা সম্মানের। সরকারের কাছ থেকে এই সম্মানের চেয়ে বড় কি হতে পারে। একজন আর্টিস্টের কাছে ডেফিনেটলি এটা বিশাল সম্মানের। যদি আসে তাহলে আপনাদের সাথে ইন্টারভিউ দেওয়ার আরেকবার সুযোগ হবে (মজার ছলে)।

 

হিউম্যান ট্রাফিকিং কিভাবে কমতে পারে এই সিনেমা দেখে? কিভাবে সচেতন হবে হিউম্যান ট্রাফিকিং নিয়ে?

সিয়ামঃ আমাদের জ্ঞান বুদ্ধি আমাদের চিন্তাধারা যদি বাড়ে আমরা যদি রিয়েলিটি একটু জানি তখন মানুষকে বলে দিতে হয় না আপনি এই পথে যাইয়েন না, তখন সে নিজে নিজেই অনুধাবন করবেন। আপনি যেটা শেখাতে যাবেন ওইটা সে কখনোই শিখবে না, আপনি যেটা দেখাতে যাবেন ভাল লাগলে নিয়েও নিতে পারে।

 

উল্লেখ্য, সিয়াম-পূজা এবং এম রাহিম পরিচালিত এই সিনেমা ৭ই জানুয়ারি প্রেক্ষাগৃহে অবমুক্ত করা হবে। সিয়াম-পূজা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, তাসকিন আহমেদ, অরুনা বিশ্বাস, গুলশান আরা চম্পা, নাদের চৌধুরীসহ অনেকে। প্রযোজনা করেছেন ওম আতিকুর রহমান এবং ওয়াহিদুর রহমান।সিনেমাটির বন্টনের কাজে রয়েছে জাজ মাল্টিমিডিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *