নতুন লুকে চমকে দিলেন শাকিব খান

বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই মার্কিন মুলুকে রয়েছেন তিনি। সেখানে একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। একইসঙ্গে দিয়েছেন চমকপ্রদ খবর।

 

যুক্তরাষ্ট্রে নতুন সিনেমা করতে যাচ্ছেন কিং খান। তার নিজের প্রতিষ্ঠান এসকে ফিল্মসের প্রযোজনায় সিনেমাটি বানাবেন হিমেল আশরাফ। নাম অবশ্য এখনো চূড়ান্ত করা হয়নি। তবে জোর কদমে চলছে প্রস্তুতি।

 

এরই অংশ হিসেবে শাকিবের লুক চূড়ান্ত করা হয়েছে। সিনেমাটিতে শাকিবকে কোন রূপে দেখা যাবে, তার একটি ঝলক দেখা গেল আজ। নায়ক নিজেই তার ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে নতুন সাজে তোলা একটি ছবি শেয়ার করেছেন। যেটা দেখে চমকে গেছেন ভক্তরা।

 

এমনটা অবশ্য হরহামেশাই হয়। শাকিব যখন নতুন গেটআপে কোনো ছবি শেয়ার করেন, সেটা মুহূর্তেই আলোচনার কেন্দ্রে চলে আসে। বলা হয়ে থাকে, অন্যদের সিনেমার ট্রেলার-টিজার মুক্তি পেলেও এতোটা আলোচনা হয় না, যতটা হয় শাকিবের সিনেমার একটি স্থিরচিত্র প্রকাশ্যে আসলে।

 

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, হিমেল আশরাফের পরিচালনায় এই সিনেমার শুটিং শুরু হবে জানুয়ারিতে। যুক্তরাষ্ট্রের হলিউডসহ বিভিন্ন লোকেশনে হবে চিত্রায়ন। এরপর আগামী ঈদেই আন্তর্জাতিকভাবে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *