Home অন্যান্য রাজধানীতে মহিলা দলকে রাস্তায় নামতে দিল না পুলিশ!

রাজধানীতে মহিলা দলকে রাস্তায় নামতে দিল না পুলিশ!

0
310
bnp 234

নজর২৪, ঢাকা- পুলিশের বাধার কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল করতে পারেনি জাতীয়তাবাদী মহিলা দল। আয়োজন শেষ না করেই ফিরে যেতে হয় তাদের।

 

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকালে খালেদা জিয়ার জন্য মানববন্ধন করেন মহিলা দলের নেতা-কর্মীরা। মানববন্ধন শেষে মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়।

 

দলীয় কার্যালয়ের সামনে সকাল ৯টা থেকে মহিলা দলের নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। মানববন্ধন শেষে ১২টার দিকে সড়কে বিক্ষোভ মিছিল করতে গেলে তাদের নড়তে দেয়নি আগে থেকেই সতর্ক অবস্থানে থাকা পুলিশ।

 

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, ‘আমরা মানববন্ধন শুরু করার পর থেকেই আমাদের ঘিরে রাখা হয়েছে পুলিশ দিয়ে। আমাদের নেতৃরা নড়াচড়া করতে পারছিল না। সরকার আসলে ভয় পায়। ভয় পায় যে কখন পায়ের নিচ থেকে না মাটি সরে যায়।

 

‘আর মিছিল করার আগেই পুলিশ আমাদের আটকে দেয়। নেতৃরা একসঙ্গে স্লোগান দিচ্ছিল। আর তখনই পুলিশ এসে আমাদের নেতৃদের সঙ্গে ধস্তাধস্তি করে। আসলে কী বলব, দেখেছেন সবই।’

 

ঘটনাস্থলে উপস্থিত পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার আবুল হাসান বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মহিলা দলের মানববন্ধন কর্মসূচি ছিল। আপনারা দেখেছেন সেখানে আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি। আজ সপ্তাহের শেষ দিন, রাস্তায় প্রচন্ড যানজট রয়েছে। মানুষের সংখ্যাও বেশি। সপ্তাহের শেষ কর্মদিবসে যেহেতু বেশি ভিড় থাকে, আমরা মহিলা দলের নেতাদের অনুরোধ করেছিলাম যেন রাস্তায় কোনো মিটিং-মিছিল না করে। কিন্তু তারা আমাদের এ নির্দেশনা অমান্য করে মিছিল করার চেষ্টা করেছিল, আমরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে তাদের এখানে (দলীয় কার্যালয়ের সামনে) আটকে দিয়েছি। অনুরোধ করে তাদের ভেতরে (কার্যালয়ের ভেতরে) পাঠিয়ে দিয়েছি। কিন্তু তারা আমাদের পুলিশের সদস্যদের সঙ্গে বেশ খারাপ আচরণ করেছেন।

 

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, কেন্দ্রীয় নেতা শাম্মী আক্তার, জেবা রহমান, নিলোফার চৌধুরী মনি, মিনা বেগম মিনি সহজ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here