মুরাদকাণ্ড: নিজের অবস্থান ব্যাখ্যা করলেন নায়ক ইমন

বিনোদন ডেস্ক- সম্প্রতি চিত্রনায়িকা মাহি ও চিত্রনায়ক ইমনের সাথে একটি ফোনালাপ ফাঁস হয়েছে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের। আলোচিত এ ফোনালাপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা দিয়েছে নানা আলোচনা-সমালোচনা। অবশেষে সেই কথোপকথন নিয়ে মুখ খুললেন ইমন।

 

বুধবার (৮ ডিসেম্বর) গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ফাঁস হওয়া ফোনালাপটি নিয়ে নিজের অবস্থানের ব্যাখ্যা দিলেন ঢাকাই সিনেমার এ অভিনেতা।

 

ইমন বলেন, ডা. মুরাদ যখন আমাকে ফোন দিয়েছেন তখন আমি একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে ছিলাম। আমাদের পরবর্তী একটি সিনেমা নিয়ে পরিচালক, প্রডিউসার, আমি ও মাহি মিলে আলোচনা করছিলাম। এ সময় তিনি (ডা. মুরাদ) ফোন দিয়ে আসতে বলায় আমি তাকে সামাল দেয়ার জন্য বারবার ‘ ২ মিনিট আসছি’ বলে তাকে সান্ত্ব করার চেষ্টা করছিলাম। একজন মন্ত্রীর সাথে তো আর যেনতেনভাবে কথা বলা যায় না। উপরন্তু তিনি আমাদের অঙ্গণের মন্ত্রী।

 

ইমন আরও বলেন, অনেকে হয়তো ভাবছে আমার বলা ‘আমি মাহিকে নিয়ে আসছি’ মানে আমি আসলেই তার কাছে মাহিকে নিয়ে যাবো। বিষয়টি আমি তেমনভাবে বলিনি। আমার ফোন রেকর্ডই বলে দেয় আমি কেন সে কথা বলেছিলাম।

 

ডা. মুরাদের সাথে নিজে কথা বলার পর মাহির কাছে দেয়ার ব্যাখ্যায় ইমন বলেন, আমরা আসলে এমন একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে ছিলাম যে, একসাথে আমাদের ফোনে কথা বলার সুযোগ ছিল না। তাই আমি মাহির কাছে ফোন দিয়ে পরিচালকের সাথে আলোচনায় মনোনিবেশ করি। তাই মাহির সাথে কি কথা হয়েছে জানিনা। মাহিও পরবর্তীতে আমার কাছে কি কথা হয়েছে তা শেয়ার করেনি। ও হয়তো কষ্ট পেয়েছে, তাই বলেনি।

 

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিকে নিয়ে মন্তব্যের জন্য সমালোচনার মুখে থাকা তথ্য ও সম্প্রচারমন্ত্রী মুরাদ হাসানের একটি টেলিফোন আলাপের অডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ে।

 

সেখানে ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে অশালীন ভাষায় কথা বলতে এবং হুমকি দিতে শোনা যায় এক ব্যক্তিকে। ইমন ও মাহিয়া তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্বে থাকা মুরাদের সঙ্গে দুই বছর আগের ওই কথোপথনের কথা স্বীকার করেছেন। তবে এ বিষয়ে মুরাদের বক্তব্য পাওয়া যায়নি।

 

ওই অডিও ফাঁস হওয়ার পর গত কয়েক দিন ধরেই তুমুল আলোচনা চলছে ডা. মুরাদকে নিয়ে। এর মধ্যে সোমবার তাকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার তিনি পদত্যাগপত্র করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *