বিনোদন ডেস্ক- জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ভারতের তামিল ও তেলেগু ভাষার সিনেমাতে অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন। হিন্দি সিনেমাতেও তার অভিনয়ের গুঞ্জন শোনা যাচ্ছে।
সিনেমার পাশাপাশি ব্যক্তিগত বিষয় নিয়েও আলোচনায় সামান্থা। অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে ডিভোর্স নিয়ে অনেকদিন থেকে সংবাদের শিরোনাম হচ্ছেন এই নায়িকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নতুন বছর নিয়ে তার প্রত্যাশার কথা জানতে চাওয়া হয়। জবাবে সামান্থা বলেন, ‘আমার যত্নে রাখা মনের বাসনা ভেঙে গেছে, এখন কোনো প্রত্যাশা নেই। ভবিষ্যৎ আমার জন্য যা রেখেছে সেটির জন্য আমি প্রস্তুত।’
এদিকে নাগা চৈতন্যের সঙ্গে ডিভোর্সের পর থেকে সামান্থাকে ভক্তদের নানা কটূক্তি শুনতে হচ্ছে। এ নিয়ে তিনি জানান, ভক্তদের হতাশ হওয়ার বিষয়টি তিনি বুঝতে পারছেন। কিন্তু কটূক্তির করায় ভীষণ কষ্ট পেয়েছেন। কারণ ডিভোর্সটি তার কাছে অত্যন্ত কষ্টের। এরপর ব্যক্তিগত বিষয় নিয়ে আঘাত করা অনুচিত বলে মনে করেন তিনি।
সামান্থা প্রভুর কেরিয়ারের বয়স প্রায় ১১ বছর। ইতিমধ্যেই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তিনি প্রথম সারির জায়গা দখল করে নিয়েছেন। ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ওয়েব সিরিজের মাধ্যমে জাতীয় তথা আন্তর্জাতিক স্তরে পরিচিতি তৈরি হয়েছে। ২০১০-এ গৌতম মেনন পরিচালিত ‘ইয়ে মায়া চেসভ’-এর মাধ্যমে ডেবিউ করেন সামান্থা। তারপর আর ফিরে তাকাতে হয়নি।
সাম্প্রতিক আলোচনায় উঠে এসেছে সামান্থার পারিশ্রমিকের প্রসঙ্গ। ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এ যা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি, এখন তার থেকে বেশি দাবি করছেন। শোনা যাচ্ছে, ছবি পিছু সামান্থা এখন নাকি চার কোটি টাকা পারিশ্রমিক দাবি করছেন।
