বিনোদন ডেস্ক- চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের ফোনালাপের একটি রেকর্ড ভাইরাল হওয়ার পর দেশজুড়ে সমালোচনা চলছে। ওই ফোনালাপের ঘটনায় নিজের কোনো দোষ ছিল না বলে দাবি করেছেন মাহি।
তবে সেদিনের ঘটনায় বিব্রত হয়েছিলেন জানিয়ে এই অভিনেত্রী বলেছেন, ‘একবার আমি ছোট হয়েছি, আরও একবার ছোট হলাম দেশবাসীর কাছে।’
মাহিয়া মাহি এখন সৌদি আরবের মক্কায় আছেন। সেখান থেকে এক ভিডিও বার্তায় নায়িকা বলেন, ‘সেদিনও ভীষণ বিব্রত ছিলাম। নিজের আত্মসম্মানবোধে কতটুকু আসলে আঘাত লেগেছে, সেটা আমি জানি ও আমার সৃষ্টিকর্তা জানেন।’
দেশের মানুষের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা নিশ্চয়ই ভেবে দেখবেন- এই ভাষা বা ব্যবহারের প্রত্যুত্তর কী দেওয়ার ছিল? আদৌ আসলে আমার বলার ভাষা ছিল না। আমার নিজের মতো করে যতটুকু পাশ কাটিয়ে যাওয়া উচিত, ততটুকু পাশ কাটিয়ে গেছে। ঠিক দুই বছর আগের একটা ঘটনা ছিল। সৃষ্টিকর্তা সাক্ষী। বরাবরই আমি আল্লাহর কাছে বলি, আমি কষ্ট পেয়েছি। কোনও একদিন সেই রেজাল্ট তিনি (ডা. মুরাদ হাসান) পেয়েছেন। আপনারা আমার হয়ে আমার জায়গা থেকে চিন্তা করবেন যে আমি দোষী কি দোষী না? এটুকু বলবো, আমি শুধু পরিস্থিতির শিকার ছিলাম।’
মাহি আরও বলেন, ‘আমি সাংবাদিক ভাইদের বলছি, আমি আসলে এখন কারও ফোন রিসিভ করছি না। আমি এখন যেখানে আছি, এখানে আসলে এ বিষয়ে কথা বলার মতো না। সবাইকে ধন্যবাদ। ’
উল্লেখ্য, প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৬ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান।
