ডা. মুরাদ ইস্যু: নায়ক ইমনকে ডিবির জিজ্ঞাসাবাদ

বিনোদন ডেস্ক- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও চিত্রনায়িকা মাহিয়া মাহির কথোপকথনের একটি অডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হয়েছে। এরই জেরে তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এদিকে, অডিও ক্লিপ ফেসবুকে ফাঁস হওয়ার ঘটনায় নায়ক মামনুন হাসান ইমনকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে মিন্টু রোডে অবস্থিত গোয়েন্দা কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

 

ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ বলেন, তথ্য প্রতিমন্ত্রী মুরদ এবং চিত্রনায়িকা মাহির যে ফোনালাপের সঙ্গে অভিনেতা ইমনের সংশ্লিষ্টতা রয়েছে। প্রতিমন্ত্রী যখন ফোন করেন তখন ফোন রিসিভ করেন ইমন। তারপর প্রতিমন্ত্রীর সঙ্গে ইমন এবং মাহির কথোপকথন হয়। এই কথোপকথন ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

 

তিনি আরও বলেন, মাহি এই মুহূর্তে ওমরার জন্য সৌদি আরবে অবস্থান করছেন। তাই প্রাথমিকভাবে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ কারণে ইমনকে ডিবি কার্যালয়ে ডেকেছিলাম। উনি ফোনালাপের এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। প্রায় আধা ঘণ্টাব্যাপী তার সঙ্গে ডিবি কর্মকর্তাদের কথা হয়। প্রাথমিকভাবে তার কোনো ইল মোটিভ (খারাপ উদ্দেশ্য) পাওয়া যায়নি। রাত সাড়ে ১০টার দিকে তিনি ডিবি কার্যালয়ে ত্যাগ করেন।

 

এক প্রশ্নের জবাবে ডিবি কর্মকর্তা হারুন অর রশীদ বলেন, মাহিয়া মাহি দেশে ফিরলে বিষয়টি নিয়ে তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। সরকার এবং আইন-শৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

উল্লেখ্য, সম্প্রতি একটি ভার্চুয়াল টকশোতে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ডা. মো. মুরাদ। এরপর তার সমালোচনা করেন অনেকে। এছাড়া তার পদত্যাগেরও দাবি ওঠে।

 

এরমধ্যেই ডা. মুরাদ হাসান ও ঢালিউডের চিত্রনায়িকা মাহির মধ্যকার কথোপকথনের যে কল রেকর্ড ফাঁস হয় তা ইতোমধ্যে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। অডিও ক্লিপটিতে শোনা যায়,  মাহিকে তাৎক্ষণিক তার কাছে যেতে বলেন মুরাদ। নায়িকা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেন প্রতিমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *