চরিত্রের জন্য চুল কেটে ফেললেন পরীমণি

বিনোদন ডেস্ক- বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি, যিনি পরীমনি নামে অধিক পরিচিত। ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক। এর পর আর পিছনে তাকাতে হয়নি তার। তবে চলতি বছর থেকেই তার কথা সবার মুখে মুখে।

 

সম্প্রতি গুনিন সিনেমায় কাজ করেছেন ঢাকায় সিনেমার এই নায়িকা। এই ছবির নায়ক শরীফুল রাজ। তার সঙ্গে পরীমনির এটাই প্রথম কাজ। ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত।

 

পরী বলেন,‘আমার আরেকটি স্বপ্নের কাজ। এক নতুন পরীকে দর্শকরা দেখতে পাবেন এই ছবির মাধ্যমে।’ ছবিতে পরী অভিনয় করছেন রাবেয়া চরিত্রে, আর শরিফুল রাজ আছেন রমিজ চরিত্রে। একসঙ্গে প্রথমবার জুটি হয়ে কাজ করা প্রসঙ্গে পরী বলেন,‘আমাদের বেশ ভালো রসায়ন। অল্প সময়ের মধ্যেই বন্ধু হয়ে উঠতে পেরেছি। তাই কাজটি বেশ মজায় মজায় শেষ করতে পেরেছি।’

 

গত কয়েক মাসে পরীমণির আদালতে যাওয়া আসা চলছে। মাসের কিছু সময় আদালতে যাওয়ার জন্য রাখছেন, লড়তে হচ্ছে। তবে তিনি আশা করছেন, ন্যায় বিচার পাবেন। ঝামেলা কাটিয়ে সুন্দরভাবে নিজেকে গুছিয়ে আনতে চেষ্টা করছেন।

 

পরীমণির সামনের মিশন রাশিদ পলাশের ‘প্রীতিলতা’। চট্টগ্রামে ছবিটির নতুন লটের শুটিং হবে। পরী জানান, টিম এরই মধ্যে শুটিং স্পটে গিয়েছে। কয়েকদিনের মধ্যে তিনিও যোগ দিবেন। ঢাকাতে বসেই প্রস্তুতি নিচ্ছেন। প্রীতিলতা চরিত্রের জন্য চুলও কাটতে হয়েছে।নায়িকা জানান, চরিত্রের প্রয়োজনেই চুল কেটে ফেলেছি।

 

ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম টফিতে মুক্তি পেয়েছিল পরী অভিনীত ও চয়নিকা চৌধুরীর পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ ছবিটি। এই ছবির দর্শক সফলতার ধারাবাহিকতায় প্ল্যাটফর্মটি রিলিজ দিয়েছে পরী অভিনীত ‘স্ফুলিঙ্গ’ ছবিটি। ৩ ডিসেম্বর এক্সক্লুসিভলি প্রিমিয়ার হয় তৌকির আহমেদ পরিচালিত ছবিটি। ডিজিটিাল প্লাটফর্মে মুক্তি পাওয়ার পর ছবি দুটি নিয়ে নতুনভাবে সাড়া পাচ্ছেন।

 

সামনে অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমা ও চয়নিকা চৌধুরীর ‘অন্তরালে’ নামে একটি ওয়েব ফিল্মের শিডিউল দেওয়া আছে পরীমণির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *