‘বাংলার কসাই’ টিক্কা খানকে অনুসরণ করছেন জায়েদ খান!

বিনোদন ডেস্ক- বাংলাদেশের ইতিহাসে ঘৃণিত নাম টিক্কা খান। ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের (বাংলাদেশ) প্রধান সামরিক শাসক হিসেবে দায়িত্ব পালনের সময় বাঙালিদের ওপর পাকিস্তানি সেনাবাহিনীর নিষ্ঠুর সামরিক হামলা পরিচালনা করেন তিনি। এজন্য তাকে ‘বাংলার কসাই’ বলা হয়। আর এই কসাইকে দিনরাত অনুসরণ করছেন চিত্রনায়ক জায়েদ খান!

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত হচ্ছে ‘বঙ্গবন্ধু’ শিরোনামে সিনেমা। এটি মূলত বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক চলচ্চিত্র। এই চলচ্চিত্রে টিক্কা খানের চরিত্রে অভিনয় করছেন জায়েদ খান। আগামী ১২ ডিসেম্বর সিনেমাটির শুটিংয়ে অংশ নেবেন তিনি। তারই প্রস্তুতি হিসেবে টিক্কা খানের ভিডিও দেখে তার শরীরি ভাষা আয়ত্ব করার চেষ্টা করছেন জায়েদ খান।

 

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জায়েদ খান বলেন, ‘আগামী ১২ ডিসেম্বর শুটিংয়ে অংশ নেব। টিক্কা খানের বেশ কিছু ভিডিও ফুটেজ আমাকে দেওয়া হয়েছে। নিয়মিত এসব ভিডিও দেখে টিক্কা খানকে ফলো করছি৷ টিক্কা খান কীভাবে কথা বলতো, হাঁটতো ইত্যাদি।’

 

উচ্ছ্বাস প্রকাশ করে জায়েদ খান বলেন, ‘অডিশনের জন্য বেশ কিছুদিন মুম্বাইয়ে ছিলাম। সেখানেই অডিশন দিয়েছি। সেখানেই আমার পোশাকের মাপ নেওয়া হয়েছে। আমি এই চলচ্চিত্রে টিক্কা খানের চরিত্রে অভিনয় করবো। বঙ্গবন্ধুর বায়োপিক একটি স্বপ্নের প্রজেক্ট। সেই স্বপ্নের অংশ হতে যাচ্ছি- এটা আমার জন্য অনেক আনন্দের।’

 

স্বপ্নের এই প্রজেক্টের জন্য এক টাকাও পারিশ্রমিক নিচ্ছেন না জায়েদ খান। কারণ বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থেকে কাজটি করছেন তিনি। এর চেয়ে বড় প্রাপ্তি আর নেই বলে মনে করেন এই চিত্রনায়ক।

 

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’ নির্মাণ করছেন বলিউড নির্মাতা শ্যাম বেনেগাল। চলতি বছরের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হয় এবং তা চলে এপ্রিল পর্যন্ত।

 

বর্তমানে সিনেমার পরবর্তী অংশের শুটিংয়ের জন্য বাংলাদেশে রয়েছেন শ্যাম বেনেগালসহ পুরো টিম। ২০২২ সালের মার্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন সংশ্লিষ্টরা।

 

উল্লেখ্য, বঙ্গবন্ধুর বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়াও শতাধিক অভিনয়শিল্পী সিনেমাটিতে অভিনয় করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *