Home দেশের খবর ঢাকা খাতায় রোল লেখার পর জানা গেল আজ পরীক্ষা হবে না

খাতায় রোল লেখার পর জানা গেল আজ পরীক্ষা হবে না

0
180

তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আজ থেকে শুরু হওয়ার কথা ছিল কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নবম শ্রেণির বোর্ড সমাপনী পরীক্ষা। যথারীতি সোমবার (৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে স্বাস্থ্য বিধি মেনে সকল পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়।

 

নির্ধারিত সময় সাড়ে ৯টায় ভূঞাপুরের সকল কারিগরি কেন্দ্রে সরবরাহ করা হয় উত্তরপত্র। যথারীতি রোল রেজিস্ট্রেশন নম্বর পূরণ সম্পন্ন করে পরীক্ষার্থীরা। অতপর সকাল ৯টা ৫০ মিনিটে জানা যায় ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ কারণে আজ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

 

ভূঞাপুর উপজেলার নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্র এবং অলোয়া মনিরুজ্জামান বি এম কলেজ পরীক্ষাকেন্দ্রে খোঁজ নিয়ে জানা যায়, শিক্ষার্থীরা খাতায় রোল ও রেজিস্ট্রেশন নম্বর লেখার পর ৯টা ৫৫ মিনিটে জানতে পারে যে ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ কারণে সোমবার (৬ ডিসেম্বর) পরীক্ষা হবে না।

 

পরীক্ষা কক্ষের দায়িত্বে নিয়োজিত থাকা শিক্ষকরা পরীক্ষার্থীদের কাছ থেকে পূরণ করা উত্তরপত্র ফিরিয়ে নেন। পরীক্ষার সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেও ঘোষণা দেন। অলোয়া বিএম কলেজ কেন্দ্রে ২৯৬ জন ও নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ২৫৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে।

 

নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব মো. শামছুল আলম বলেন, খাতা দেওয়ার পর পরীক্ষা স্থগিতের ঘোষণা আসার কারণে শিক্ষার্থীরা খাতায় রোল ও রেজিস্ট্রেশন নম্বর লিখে ফেলেছিল। খাতা ফেরত নেওয়া হয়েছে। প্রশ্নপত্র খোলা হয়নি।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান গণমাধ্যমকর্মীদের বলেন, সকাল সাড়ে ৯টার দিকে খবর আসে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নবম শ্রেণির আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরে কেন্দ্রে সে মেসেজ পৌঁছে দেওয়া হয়। এ খবর পরীক্ষা কক্ষে পৌঁছার আগেই পরীক্ষার্থীরা রোল রেজিস্ট্রেশন নম্বর লিখে ফেলে। পরবর্তীতে সে সব খাতা কেন্দ্র সচিবের নির্দেশে উত্তোলন করে নেওয়া হয়। তবে কোনো প্রশ্নপত্র খোলা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here