জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে হচ্ছে: অরুণা বিশ্বাস

বিনোদন ডেস্ক- সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা হিসেবে সাফল্যের এক সোনালি অতীত রয়েছে অরুণা বিশ্বাসের। সিনেমায় এখনো নিয়মিত অভিনয় করছেন তিনি। তবে অভিনয়ের পাশাপাশি একজন নাট্য পরিচালক হিসেবেও রয়েছে কাজের অভিজ্ঞতা।

 

সেই অভিজ্ঞতা দিয়েই তিনি প্রথমবার একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করবেন। সরকারি অনুদানে নির্মিতব্য ছবিটির নাম ‘অসম্ভব’। বর্তমানে এই ছবির দৃশ্যধারণের কাজে ব্যস্ত রয়েছেন অরুণা বিশ্বাস।

 

ব্যস্ততার এক ফাঁকে এক জাতীয় দৈনিকের সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারটি তুলে ধরা হলো-

 

প্রশ্ন: এতোদিন তো সিনেমায় ক্যামেরার সামনে কাজ ছিল। অভিনয় করতেন। এখন ক্যামেরার পেছনে। এই জার্নিটা কেমন?

অরুণা বিশ্বাস: একজন নির্মাতার দায়িত্ব আসলে অনেক। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে হচ্ছে। শিল্পীর জামা-কাপড় ঠিক করে দেয়া থেকে শুরু করে অভিনয় বোঝানো সব কিছুই করছি। সবমিলিয়ে ভালোই যাচ্ছে। পরিচালনাটা উপভোগই করছি বলা যায়।

 

প্রশ্ন: দৃশ্যধারণের কাজ তাহলে সুন্দরভাবেই হচ্ছে?

অরুণা বিশ্বাস: হ্যাঁ। কোনো সমস্যা হচ্ছে না। আরামেই কাজটা তুলতে পারছি। কারণ আমার শিল্পীরা খুবই কো-অপারেটিভ। সবার মধ্যে বোঝাপড়াটাও ভালো হয়ে গেছে। যার কারণে সুবিধা হচ্ছে।

 

প্রশ্ন: কোথায় শুটিং করছেন? প্রথম লটে আর কতদিন শুটিং করবেন?

অরুণা বিশ্বাস: এখন মানিকগঞ্জে শুটিং করছি। এখানে ৭ ডিসেম্বর পর্যন্ত শুটিং করবো। এখানে প্রথম লটের কাজ শেষ হয়ে যাবে। তারপর আবার ঢাকায় কাজ আছে।

 

প্রশ্ন: অভিনয় না পরিচালনা। কোন দায়িত্বটা কঠিন বেশি আপনার কাছে?

অরুণা বিশ্বাস: আমি কিন্তু এ সিনেমায় অভিনয়ও করছি। শুধু পরিচালনা না। আসলে কোনটা কঠিন কোনটা সহজ এরকম বিবেচনা করতে চাই না। দুটো দায়িত্বই উপভোগ করছি।

 

প্রশ্ন: শুনলাম আরও একটি নতুন চলচ্চিত্র নির্মাণ করবেন?

অরুণা বিশ্বাস: এ ব্যাপারে এখনই কিছু বলতে চাইছি না। আগে এই কাজটা সুন্দরভাবে শেষ করাটাই লক্ষ্য। এরপর যাই করি অবশ্যই তো জানাবো।

 

উল্লেখ্য, ১৯৮৬ সালে রাজ্জাক পরিচালিত ‘চাঁপাডাঙ্গার বউ’ ছবিতে বাপ্পারাজের বিপরীতে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ অরুণা বিশ্বাসের।

 

আগের বছর বিটিভির নিজস্ব নাটক ‘এখানে জীবন’–এ অভিনয় করেন। চলচ্চিত্রে অভিনয় শুরুর আগে ‘বহুবচন’ নাট্যদলের হয়ে মঞ্চে অভিনয় করেন তিনি।

 

অরুণা বিশ্বাস অভিনীত উল্লেখযোগ্য কিছু সিনেমা হলো ‘পরশপাথর’, ‘দুর্নাম’, ‘সম্মান’, ‘কৈফিয়ত’, ‘মায়ের কান্না’, ‘গণ আন্দোলন’ ইত্যাদি। তাঁর অভিনীত শেষ মুক্তি পাওয়া ছবি ‘দুলাভাই জিন্দাবাদ’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *