Home জাতীয় ছাত্রদের আন্দোলনে ৩০-৩৫ বছর বয়সী মায়েরাও ঢুকে গেছে: তথ্যমন্ত্রী

ছাত্রদের আন্দোলনে ৩০-৩৫ বছর বয়সী মায়েরাও ঢুকে গেছে: তথ্যমন্ত্রী

0
139

নজর২৪, ঢাকা- নিরাপদ সড়ক ও গণপরিবহনে অর্ধেক ভাড়া তথা ‘হাফ পাসে’র দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে তাদের ৩০-৩৫ বছর বয়সী মায়েরাও ঢুকে গেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

 

তিনি বলেন, ‘এখন ছাত্রদের আন্দোলনে তো দেখা যায় ৩০/৩৫ বছর বয়সী ছাত্রের মায়েরাও ঢুকে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা দেখলাম, একটি রাজনৈতিক দলের ৩৫ বছর বয়সী নেত্রী, উনিও স্কুলছাত্রীর ড্রেস পরে সেখানে আন্দোলন করছেন।’

 

রোববার (৫ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।

 

শিক্ষার্থীরা আজকেও আন্দোলনে নেমেছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, ‘ছাত্ররা যে আন্দোলনে নেমেছে, সেজন্য আমরা সহানুভূতিশীল। তারা যে হাফ ভাড়ার জন্য আন্দোলন করছে, প্রধানমন্ত্রী তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে বিআরটিসি বাসে হাফ ভাড়া সারাদেশের জন্য কার্যকর করেছেন। বেসরকারি বাস মালিক সমিতি ঢাকায় কার্যকর করেছে।’

 

মন্ত্রী আরও বলেন, ‘গতকাল আমি টেলিভিশনে কয়েকটি মুখ দেখলাম, ওদেরকে মনে হলো না তারা স্কুলের ছাত্র বা ছাত্রী। তাদের মধ্যে রাজনীতিবিদরা ঢুকে গেছে এবং রাজনৈতিক উদ্দেশ্য সেখানে ঢুকে গেছে।’

 

হাছান মাহমুদ বলেন, ‘সুতরাং ছাত্রদের অনুরোধ জানাবো, তাদেরকে যাতে কেউ রাজনৈতিক ক্রীড়ানক হিসেবে ব্যবহার করতে না পারে, সেজন্য সতর্ক থাকার জন্য।’

 

তিনি বলেন, ‘শুধু শিক্ষার্থী নয়, নিরাপদ সড়ক আমরা সবাই চাই। সেই দাবির প্রতি আমাদেরও সমর্থন আছে। তাই বলে রাস্তাঘাট আটকে আন্দোলন করা কতটুকু যৌক্তিক, অন্য মানুষের ভোগান্তিতে ফেলে আন্দোলন করা কতটুকু যৌক্তিক- সেই প্রশ্নও থেকে যায়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here