Home আলোচিত নওগাঁ-৬ আসনে হরতালের ডাক দিলো বিএনপি

নওগাঁ-৬ আসনে হরতালের ডাক দিলো বিএনপি

0
81

নজর২৪, নওগাঁ- নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের উপনির্বাচনকে প্রহসনের নির্বাচন উল্লেখ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। একই সঙ্গে এ আসনে অর্ধদিবস হরতালের ডাক দেয়া হয়েছে।

 

শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে জেলা বিএনপির উদ্যোগে নওগাঁ শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিএনপির দলীয় কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আজম ভিপি রানা, বিএনপি নেতা নাছির উদ্দিন ও আব্দুস শুকুর, ভিপি খোকন, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাধারণ সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম আহম্মেদ, ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন, সাধারণ সম্পাদক মামুনুর বিন দোহা ও প্রচার সম্পাদক ফরহাদ হোসেন।

 

নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ মাস্টার বলেন, নওগাঁ-৬ আসনের উপনির্বাচন প্রত্যাখ্যান করে রানীনগর-আত্রাই উপজেলায় আগামীকাল (রোববার) অর্ধদিবস হরতাল ডাকা হয়েছে। পরে দলীয়ভাবে আবারও সিদ্ধান্ত নেয়া হবে। আপাতত রোববার অর্ধদিবস হরতাল পালন করব আমরা।

 

উল্লেখ্য, নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে এক লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) আনোয়ার হোসেন হেলাল। নির্বাচন কমিশন বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছে তাকে। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৬৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু পেয়েছেন ৪ হাজার ৫১৭ ভোট। তবে এ ফলাফল বর্জন করে আগামীকাল রবিবার আধাবেলা হরতাল আহ্বান করেছে বিএপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here