বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল প্রায়শ অস্বাভাবিক কারনে সমালোচিত হন। এবার তার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। এটা নিয়ে এই সেক্সসিম্বল নায়িকা আইনি বিপাকে পড়েছেন।
প্রায় ৩২ লাখ টাকা প্রতারণার অভিযোগে জামিনযোগ্য ধারায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সেই সঙ্গে আগামী ৪ ডিসেম্বরের মধ্যে ভোপালের আদালতে তাকে হাজির হতেও বলা হয়েছে।
গত ১ ডিসেম্বর (বুধবার) ভারতের সংবাদমাধ্যমের খবরে বলা হয়, আমিশার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ আনা হয়েছে ইউটিএফ টেলিফিল্ম প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। সংস্থার পক্ষ থেকে আদালতে ভোপালে ডিস্ট্রিক্ট ও সেশন কোর্টে অভিযোগ করেন আইনজীবী রবি পন্থ।
আমিশার বিরুদ্ধে অভিযোগ- ছবি তৈরি করার প্রতিশ্রুতি দিয়ে নিজের প্রযোজনা সংস্থার নামে ৩২ লাখ ২৫ হাজার টাকা নিয়েছিলেন আমিশা। পরে ওই টাকা চেকের মাধ্যমে ফেরত দেন। কিন্তু তার দেওয়া সেই চেক বাউন্স হয়ে যায়। তারপরই এই অভিনেত্রীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা করা হয়।
জানা যায়, আইনজীবীর বক্তব্য শুনেই আমিশার বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় অর্থাৎ এখনই তাকে গ্রেফতার করা হবে না। অগ্রিম জামিনের সুযোগ থাকবে। আগামী ৪ ডিসেম্বরের মধ্যে আমিশাকে আদালতে হাজির হতে হবে। তা না হলে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হবে বলেও জানা গেছে।
‘কাহো না প্যায়ার হ্যায়’ চলচ্চিত্রে হৃতিক রোশনের বিপরীতে নিজের অভিনয় করে বলিউডি ছবির নায়িকা হিসেবে শুরু করেন আমিশা। প্রথম ছবিই ছিল ব্লকবাস্টার হিট। পরে সানি দেওলের বিপরীতে ‘গদর: এক প্রেম কথা’ ছবিতে নজর কাড়েন। সে ছবিও ছিল সুপারহিট। তারপর থেকে বলিউডে অনেক ছবিতেই অভিনয় করেন। তবে সাফল্য সেভাবে পাননি। এখন অবশ্য ‘গদর ২’ ছবিতে অভিনয় করছেন। এর মধ্যেই আর্থিক প্রতারণা মামলায় জড়ালেন এই বলি তারকা।
উল্লেখ্য, এর আগেও আমিশার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছিল। ২০১৯ সালে ইন্দোরে ১০ লাখ টাকার চেক বাউন্স হওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। সে বছর রাঁচিতেও নাকি আমিশার বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ওঠে।
