Home ফিচার বিমানের সাথে গরুর ধাক্কা: তদন্ত কমিটি গঠন, ৪ আনসার প্রত্যাহার

বিমানের সাথে গরুর ধাক্কা: তদন্ত কমিটি গঠন, ৪ আনসার প্রত্যাহার

0
333

নজর২৪, কক্সবাজার: কক্সবাজার বিমানবন্দর রানওয়েতে উড্ডয়নের সময় দুটি গরুর সাথে ধাক্কা লেগেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের।

 

মঙ্গলবার (৩০ নভেম্বর) কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার পথে শেষ ফ্লাইট উড্ডয়নকালে এ ঘটনা ঘটেছে। বিমানের ডান পাখার ধাক্কায় গরু দুটি ঘটনাস্থলেই মারা যায়। তবে ভাগ্য সুপ্রসন্ন থাকায় দুর্ঘটনা থেকে বেঁচে যান বিমানের ৯৪ আরোহী।

 

সর্বশেষ পাওয়া তথ্যমতে- এ ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরপর সেখানে দায়িত্বরত ৪ আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

 

এছাড়াও সংশ্লিষ্ট বিমানটি একই দিন সন্ধ্যা ৭টা ৫ মিনিটে যাত্রীসহ ঢাকা বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানিয়েছে বিমানবন্দর সূত্র।

 

বুধবার (১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার গোলাম মোর্তুজা।

 

আক্রান্ত বিমানের যাত্রী কক্সবাজার পৌরসভার বাসিন্দা জানে আলম জানান, মঙ্গলবারের শেষ ফ্লাইট হিসেবে সন্ধ্যা ৬টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক‌টি ফ্লাইট (BG-438) ৯৪ জন যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করছিল। হঠাৎ কিসের সাথে যেন ধাক্কা লাগে বিমানটির। এতে তীব্র ঝাঁকুনি হলে সবাই আতংকিত হয়ে দোয়া দুরুদ পড়তে থাকে। আল্লাহর রহমতে আমরা নিরাপদ ৭টা ৫মিনিটে ঢাকা বিমানবন্দরে অবতরণ করতে পেরেছি। পরে খবর নিয়ে জেনেছি, বিমানের পাখার সাথে ধাক্কা লেগে দুটি গরু মারা গেছে।

 

নাম প্রকাশ না করার শর্তে কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা একাধিক কর্মকর্তা বলেন, বিমান বাংলাদেশের একটি ফ্লাইট উড্ডয়নের সময় হঠাৎ কোথা থেকে যেন দুটি গরু রানওয়েতে চলে আসে। আর বিমানের ডান পাখায় আঘাত লেগে গরু দুটি ঘটনাস্থলেই মারা যায়। তবে বিমানটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। ফলে অক্ষত আছেন বিমানের ৯৪ যাত্রী।

 

জানা গেছে, আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা পেলেও কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা চোখে পড়ার মতো। রানওয়েতে অবাধ চলাচল এলাকাবাসীর, বিমান অবতরণ ও উড্ডয়নের সময় ঢুকে পড়ছে গবাদি পশুসহ নানা প্রাণী।

 

এর আগে, ২০০৫ সালে কক্সবাজার বিমানবন্দরের উত্তরে বঙ্গোপসাগরে একটি কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে বিদেশি পাইলটসহ তিনজনের মৃত্যু হয়। কার্গো উড়োজাহাজটি কক্সবাজার থেকে চিংড়ি পোনা নিয়ে যশোর যাচ্ছিল। এছাড়া ২০১৭ সালে একটি বেসরকারি উড়োজাহাজের চাকায় পিষ্ট হয়ে রানওয়েতে তিনটি কুকুরের মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here