নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন করে মৎস্য চাষী মোস্তফার বসত ঘরের সামনে কাপনের কাপড় রেখে যায় দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩০শে নভেম্বর) উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বাহের বানাইল গ্রামে ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাহের বানাইল গ্রামের মৃত চান মিয়ার ছেলে মৎস্য চাষী মোস্তফা মিয়ার ৩০ শতাংশ পুকুরে সোমবার দিবাগত গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে। এতে প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরে তার বসত ঘরের সামনে সাদা কাপড় রেখে যায়।
মৎস্যচাষী মোস্তফা জানান, তার পরিবারের সদস্যরা সকালে ঘুম থেকে উঠে বসত ঘরের সামনে সাদা কাফনের কাপড় দেখতে পেয়ে ভয়ে আতংকিত হয়। অপরদিকে তার পুকুরের সমস্ত মাছ মরে ভেসে উঠে দেখে হতাশ হয়ে পড়েন। মোস্তাফা মিয়া আরও জানান, তিনি নিরীহ মানুষ। বর্তমানে তার পরিবারের সবাই আতংকের মধ্যে রয়েছে। থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে।
