বিনোদন ডেস্ক- ‘সৃজিত আর আপনি মিলে সৃজিলা হবেন’ এটি কখনো কী ভেবেছেন? প্রথম আলো অনলাইনে ‘বড় মঞ্চের তারকা’ অনুষ্ঠানে অতিথি হয়ে আসা রাফিয়াত রশিদ মিথিলাকে দুষ্টুমির ছলে প্রশ্নটি করেন সঞ্চালক পূর্ণিমা। এককথায় মিথিলার উত্তর, ‘একদমই না।’
তারপর কথাটাকে আরও বিস্তারিত করলেন মিথিলা, ‘এটা খুবই আকস্মিক ঘটনা। কখন কার সঙ্গে পরিচয় হবে, পরিণয় হবে, সেটা আসলে কোনো দিনও ভেবে হয় না। এটা আসলে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। আমি কোনো দিনও ভাবতে যাই নাই। এমনকি কোনো দিন কলকাতায়ও যাইনি। খুব যে আমার কলকাতার বাংলা সিনেমা দেখা, সেটাও না। সৃজিত মুখার্জি যে এত বড় পরিচালক, আমি জানতাম না। যখন কথা শুরু হয়, তখন ফেসবুকে সাধারণভাবেই আমরা কথা বলতাম। তখনো ভাবি নাই, এটা পরিচয় পরিণয়ের দিকে যাচ্ছে।’
পূর্ণিমার প্রশ্ন, প্রথম নক কে করেছে? ‘সৃজিতই প্রথম নক করে’, মিথিলার জবাব। ‘র্যানডমলি আমরা কথা বলতাম। সৃজিতের ভাষ্যমতে, ফেসবুকে আমার আইডির সাজেশন যাচ্ছিল ওর কাছে। তখন নাকি সৃজিত একটু আগ্রহ দেখিয়েছিল। আমি আসলে জানি না ওই প্রান্তে কী হয়েছে? প্রথম যখন আমাকে হাই বলে, তখন আমি চিনতে চাইলাম লোকটা কে? কমনফ্রেন্ড কে কে আছে? আর তার প্রোফাইলটা ভেরিফায়েডও ছিল না। আসলেই হাই বলা মানুষটি সৃজিত কি না, সেটাও বোঝার অপশন ছিল না। মনে মনে চিন্তা করেছি সত্যি হতেও পারে, আবার না–ও হতে পারে। এরপর আমি রিপ্লাই দিলাম। তখন দেখলাম, এটি আসলেই সৃজিতের প্রোফাইল। তারপর ভাগ্যে যা ছিল তাই হলো।’
প্রথম দেখা কলকাতা নাকি ঢাকাতে? ‘ঢাকাতেই আমাদের প্রথম দেখা হয়েছিল। সৃজিত খুব গোপনে আমার সঙ্গে ঢাকায় দেখা করতে আসে। আমাদের জানুয়ারিতে পরিচয় হয়, সৃজিত ফেব্রুয়ারিতে ঢাকায় দেখা করতে আসে। আমি চ্যাটে সৃজিতকে বলেছি অপরিচিত একটা মানুষের সঙ্গে আমার কথা বলাই উচিত না। দুই দিনের মধ্যে সৃজিত আমার সঙ্গে দেখা করতে আসে। ঢাকাতেই আমাদের প্রথম সামনাসামনি দেখা হয়েছে এবং পরিচয় হয়েছে।’
২০১৯ সালের জানুয়ারি মাসে পরিচয় আর ৬ ডিসেম্বর বিয়ে করলেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি। দুজন মিলে হয়ে গেলেন সৃজিলা। তখনকার সৃজিত মুখার্জি আর এখনকার সৃজিত মুখার্জির মধ্যে পার্থক্য কী? মিথিলা খুব জোরের সঙ্গে বলেন, ‘অনেক অনেক পার্থক্য। আমরা শিল্পী হিসেবে হয়তো একরকম আর ব্যক্তিজীবনে আরেক রকম। এটা সবার ক্ষেত্রে সমান সত্যি, আমার ক্ষেত্রেও। অভিনেত্রী মিথিলা আর মানুষ মিথিলা আলাদা। যে কাছাকাছি থাকে, সেটা সে ভালো বুঝতে পারবে।’
নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের পর কলকাতায় থিতু হয়েছেন মিথিলা।
উল্লেখ্য, মিথিলার জীবনের প্রথম প্রেম হিসেবে সামনে আসে তার প্রথম স্বামী গায়ক ও অভিনেতা তাহসান রহমান খানের নাম। সময়টা ২০০৪ সাল। মিথিলা তখন ২৪ বছরের তরুণী। ব্যক্তিগত একটা কাজে এক বন্ধুর সঙ্গে তাহসানের বাড়ি গিয়েছিলেন মিথিলা। বিশ্ববিদ্যালয় জীবন থেকে সংগীতশিল্পী হয়ে ওঠা তাহসানের কণ্ঠে গানও শোনেন সেদিন।
সেই থেকে পরিচয় তাহসান-মিথিলার। এরপর চিঠির মাধ্যমে প্রেম। দুই বছরের বেশি সময় ধরে চলা প্রেম পরিণয়ে রূপ নেয় ২০০৬ সালের ৩ আগস্ট। বিয়ে করেন তাহসান-মিথিলা। ২০১৩ সালের ৩০ এপ্রিল তাদের সংসার আলো করে আসে কন্যাসন্তান আইরা। সুখের এ সংসারের ইতি ঘটে ২০১৭ সালে। একদিন হঠাৎই সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের ঘোষণা দেন এই তারকা দম্পতি।
