খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তি দেওয়া হয়েছে: আইনমন্ত্রী

নজর২৪, ঢাকা- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরকারের কাস্টডিতে রয়েছে বলে বিএনপির দাবি সঠিক নয় বলে সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

 

তিনি বলেন, খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তি দেওয়া হয়েছে। তিনি দুটি শর্তে সম্পূর্ণ মুক্ত। তিনি আমাদের কাস্টডিতে নেই, তিনি সরকারের কাস্টডিতে নেই। মুক্ত বলেই তিনি মুক্তভাবে বাসায় থাকতে পারছেন। মুক্ত আছেন বলেই তিনি মুক্তভাবে চিকিৎসা নিতে পারছেন।

 

আজ রোববার (২৮ নভেম্বর) সংসদে একটি বিল পাসের সময় আলোচনায় অংশ নিয়ে আইনমন্ত্রী এ কথা বলেন।

 

এর আগে বিলটির ওপর আলোচনাকালে বিএনপির সংসদ সদস্যরা অভিযোগ করেন, খালেদা জিয়ার বাসাকে সাব-জেল বানিয়ে সেখানে রাখা হয়েছে।

 

এই অভিযোগের বিষয়ে আইনমন্ত্রী বলেন, উনারা কেবল বলেন সাব জেল বানিয়ে রাখা হয়েছে। উনার বাসাটাকে কোনো জেলই বানানো হয়নি। উনাদের (বিএনপির) তথ্যে এত বিভ্রাট কেন তা বুঝতে পারি না। এতই যদি ভালোবাসা থাকে তাহলে তো তথ্যটি জেনে এখানে কথা বলতে পারেন। এত সুপারফিশিয়ালি কথা বলেন।

 

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক কারণে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় দণ্ডাদেশ স্থগিত করে তাকে (বেগম জিয়াকে) ৬ মাস করে মুক্তি দিয়েছেন। তিনি সম্পূর্ণ মুক্ত। সেখানে দুটো শর্ত যুক্ত ছিল সেটা এখনো আছে। মুক্ত বলে তিনি মুক্তভাবে বাসায় থাকতে পারছেন। মুক্ত আছেন বলেই তিনি মুক্তভাবে চিকিৎসা নিতে পারছেন।

 

তিনি বলেন, ৪০১ ধারায় যাকে মুক্তি দেওয়া হবে তিনি বিদেশ যেতে পারবেন না, এমন কোনো কথা নেই। কিন্তু কথা আছে শর্তযুক্ত অথবা শর্ত মুক্ত। আমরা সেখানে বলেছি উনি বিদেশ যেতে পারবেন না বাংলাদেশে থেকে চিকিৎসা নেবেন। উনি অবশ্যই মুক্ত।

 

মন্ত্রী বলেন, আমি বলেছি একটা বিষয় সিদ্ধান্ত হলে সেখানে নতুন করে সিদ্ধান্ত নেওয়া যায় না। এটা চাইলে উনাকে অরিজিনাল প্রিজনে যেতে হবে। তারপর নতুন সিদ্ধান্ত হয়ত নেওয়া যাবে। ৪০১ ধারার বিষয়ে বিএনপি থেকে যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে আমার তার সঙ্গে দ্বিমত আছে। আমি আমার অবস্থান থেকে নড়ব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *