বিনোদন ডেস্ক- একজন তারকার কত গুণ থাকতে পারে, তা হয়ত রাফিয়াথ রশিদ মিথিলাকে না দেখলে বোঝাই যেত না। অনেকগুণের মিশেলেই এক অনন্য মিথিলা। একইসঙ্গে তিনি অভিনেত্রী এবং মডেল আবার অন্যদিকে তিনি ব্র্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান হিসাবে কর্মরত আছেন।
জীবনে তার অর্জন কম নয়। তিনি তার পেশায় যেমন দেখিয়েছে দক্ষতা, তেমনি সাড়া ফেলেছেন অভিনয় জগতেও। এবার গান গাইবেন মিথিলা। ‘জলে জ্বলে তারা’ সিনেমায় প্রথমবারের মতো গান গাইবেন এই তারকা।
সম্প্রতি প্রথম আলো অনলাইনের ‘বড় মঞ্চের তারকা’ অনুষ্ঠানে অতিথি হয়ে এসে তিনি নিজেই উপস্থাপিকা দিলারা হানিফ পূর্ণিমাকে গোপন খবরটি দিয়েছেন।
পূর্ণিমার সঙ্গে আলাপের একপর্যায়ে গানের প্রসঙ্গ আসতেই কিছুটা লজ্জা পেলেন মিথিলা। জানান, অরুণ (চৌধুরী)দা আমাকে একটা গান গাইতে বলেছে। সিনেমাটিতে রোমান্টিক ডুয়েট একটা গান আছে। খুব সুন্দর একটা গান। আমি দাদাকে বলেছি, আমি তো গানটা ওইভাবে গাই না। এখন অনুশীলনও করি না। আমি প্রথমে গানটা গেয়ে দেখব, আমার গলায় কেমন শোনায়, যদি শুনে দেখি ভালো শোনাচ্ছে, তাহলে সিনেমার জন্য গাইব। আর যদি শুনে মনে হয় খুব খারাপ হয়েছে, তাহলে অন্য কেউ গাইবে।’
মিথিলার এ কথা শুনেই পূর্ণিমার অনুরোধ, ‘সেখানে তো পরে গাইবে, এখন দর্শকদের একটু গেয়ে শোনাও।’ গিটার ছাড়া গাইতে পারি না, মিথিলার এই অনুযোগও টিকল না, তাঁকে একটা গিটার দেওয়া হলো। গিটার কোলে নিয়ে মিথিলা এবার গেয়ে শোনালেন ডোরিস ডে–র সেই বিখ্যাত গান ‘কে সেরা সেরা’।
উল্লেখ্য, অভিনেতা-গায়ক তাহসান রহমান খানের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৯ সালের ৬ ডিসেম্বর কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। তাহসান-মিথিলার একটি মেয়ে রয়েছে। তবে নির্মাতা সৃজিতের সঙ্গে বিয়ের পর কলকাতায় থিতু হয়েছেন এই অভিনেত্রী।
