নজর২৪, ঢাকা- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে স্থায়ী মুক্তি দিয়ে বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) দু’হাজার ৬৮৪ জন চিকিৎসক।
ড্যাব নেতারা শনিবার এক বিবৃতিতে বলেন, বেগম খালেদা জিয়া একজন সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, সাবেক সেনাপ্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এর স্ত্রী। তিনি এদেশে গণতন্ত্র পূন:প্রবর্তনে অন্যতম প্রধান ভূমিকা পালন করেন। বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে খালেদা জিয়ার অবদান অপরিসীম। অথচ আমরা বেদনাহত হৃদয়ে লক্ষ্য করছি পছন্দমতো চিকিৎসা নেয়াটা একজন নাগরিকের মৌলিক অধিকার। খালেদা জিয়া সেই অধিকার থেকে ক্রমাগতভাবে বঞ্চিত হচ্ছেন।
‘একটি মিথ্যা সাজানো মামলায় ফরমায়েশি রায়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকেই চিকিৎসা বঞ্চিত। এর ফলে তিনি ভয়াবহ শারীরিক জটিলতায় ভুগছেন। পরিত্যক্ত কারাগারে একক ব্যক্তি হিসেবে রেখে তার মানসিক শক্তি ভেঙে দেয়ারও অপচেষ্টা হয়েছে।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘ড্যাবসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে ইতোপূর্বে বার বার খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে বিদেশে পাঠানোর দাবি জানানো হয়েছে। কিন্তু কর্তৃত্ববাদী সরকার কর্ণপাত করেনি। এমনকি পরিবারের লিখিত আবেদনেরও কোন গুরুত্ব দেয়নি।
‘চিকিৎসক হিসেবে আমাদের আকুল আহ্বান, জরুরিভিত্তিতে তার মুক্তির ব্যবস্থা করে বিদেশে সুচিকিৎসা নিশ্চিত করা হোক। খালেদা জিয়ার কিছু হলে তার দায়-দায়িত্ব সরকারের নীতিনির্ধারকদের বহন করতে হবে।’
বিবৃতিতে ড্যাবের স্বাক্ষরকারী চিকিৎসকরা হলেন- অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক ডাঃ হারুন আল রশিদ, ডাঃ মোঃ আব্দুস সালাম, ডাঃ মোঃ আব্দুস সেলিম, অধ্যাপক ডাঃ শহিদুল আলম, ডাঃ শাহাদাত হোসেন, অধ্যাপক ডাঃ মোঃ সিরাজুল ইসলাম, ডাঃ মোঃ শহিদ হাসান, ডাঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, অধ্যাপক ডাঃ একেএম আজিজুল হক, অধ্যাপক ডাঃ শামীমুর রহমান, অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হক, অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল্লাহ, অধ্যাপক ডাঃ মঈনুল হাসান সাদিক প্রমূখ।
