নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- রাত পোহালেই টাঙ্গাইলের নাগরপুরে ১১টি ইউনিয়ন পরিষদে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনী হাওয়া বইছে প্রতিটি ইউনিয়নের প্রত্যেক পাড়া-মহল্লায়।
আগামীকাল (২৮ নভেম্বর) ইউপি নির্বাচনের ভোট উপলক্ষে ভোটারদের মধ্যে অন্যরকম উৎসবের আমেজ বিরাজ করছে এবং একই সাথে প্রতিটি ভোট কেন্দ্র ছেয়ে গেছে সকল প্রার্থীদের ব্যানার-পোস্টারে। এছাড়াও ভোটের দিনকে সামনে রেখে প্রতিটি অলিগলি, দোকানের সামনে ও ফাঁকা জায়গায় সাঁটানো হয়েছে সাদা-কালো পোস্টার।
উক্ত প্রসঙ্গে ধুবড়িয়া ইউনিয়নের সাধারণ ভোটার আনোয়ার বলেন, আগামীকাল ভোটকে কেন্দ্র করে আমাদের এলাকায় উৎসব বিরাজ করছে। অনেক আত্মীয়রা এলাকায় এসেছেন ভোট দেওয়ার জন্য। এতে উৎসব আরো বেড়ে গেছে। আশাকরি আগামীকাল সুন্দর ভাবে ভোট অনুষ্ঠিত হবে।
কথা হয় সহবতপুর ইউনিয়নের এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থক খন্দকার বাবুল এর সাথে, তিনি জানায়, আমাদের কাজীরপাচুরিয়া কেন্দ্র প্রস্তুত। এখানে প্রয়োজনীয় পোস্টার টানিয়ে কেন্দ্র সাজসজ্জা করা হয়েছে। এখানে উৎসবমুখর পরিবেশে আগামীকাল ভোট অনুষ্ঠিত হবে।
নাগরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ আরশেদ আলী জানিয়েছে, নির্বাচনী এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতোমধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে নেমেছেন। আগামীকাল ১১টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ভোটের সার্বিক প্রস্তুতি সম্পর্কে উপজেলার প্রধান এই নির্বাচন কর্মকর্তা বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট কেন্দ্রে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীসহ স্বাস্থ্য বিধি মানার বিষয়টি নিশ্চিত করতে প্রিজাইডিং অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে। ভোটারদের মাস্ক পরে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ রইলো।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য নির্বাচনি এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটকেন্দ্র ও নির্বাচনি এলাকার পরিবেশ শান্তিপূর্ণ রাখতে বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার দায়িত্ব পালন করবে। এছাড়াও ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্টাইকিং ফোর্স ও ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে।
